রাজবাড়ী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর দৌলতদিয়ায় পুলিশের নৌ-ফাঁড়িতে অবৈধভাবে ফেনসিডিল রাখার অভিযোগে বুধবার রাতে এক উপপরিদর্শক ও ১৪ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. মুশফেকুর রহমান সাংবাদিকদের বলেন, "সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান এর নেতৃত্বে বুধবার সন্ধ্যায় পুলিশের একটি দল দৌলতদিয়া নৌ-ফাঁড়িতে অভিযান চালিয়ে তিনশ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।"
এ ঘটনায় রাতেই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক কামাল উদ্দিন ও ১৪ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সুপার বলেন, "অভিযুক্ত পুলিশ সদস্যরা বাস, লঞ্চ, ফেরিঘাটসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার করে থানায় জমা না দিয়ে বাইরে বিক্রি করে দিতেন।"
এ ব্যাপারে আরও তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24