২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরের সতর্কতা প্রত্যাহার, এক যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জারি করা জরুরি সতর্কাবস্থা বুধবার বিকেল ৪টায় প্রত্যাহার করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জারি করা জরুরি সতর্কাবস্থা বুধবার বিকেল ৪টায় প্রত্যাহার করা হয়েছে। (আরও তথ্যসহ) সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে বোমা থাকতে পারে- এ ধরনের খবর পাওয়ার পর এদিন দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে এ সতর্কাবস্থা জারি করা হয়েছিল। এ ঘটনায় মো. নাসির (২৮) নামে উড়োজাহাজটির এক যাত্রীকে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, নাসির মজা করার জন্য 'বিমানে বোমা আছে' লিখে একটি চিরকুট উড়োজাহাজটির ক্যাটারিং কেবিনে রেখে দিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। নাসিরের বাড়ি বিমানবন্দর এলাকার বিজয়নগরে। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার, সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উড়োজাহাজটিতে সন্ধান চালিয়ে এবং যাত্রী ও মালপত্র তল্লাশি চালিয়ে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু পায়নি পুলিশ ও র‌্যাব। তাই বিকেল ৪টার পর সতর্কাবস্থা তুলে নেওয়া হয়েছে।" বিমানবন্দরের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সব ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠানামা করছে বলেও জানান তিনি। র‌্যাব কর্মকর্তা জানান, ৮১ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে বিমানটি শারজাহ থেকে বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে উড্ডয়নের পর বিমানের ক্যাটারিং কেবিনে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল 'এ বিমানে বোমা আছে এবং যেকোনো সময় তা বিস্ফোরিত হবে।' একজন এয়ার হোস্টেস চিরকুটটির কথা পাইলটকে জানান। পাইলট বিষয়টি সঙ্গে সঙ্গে শাহ আমানত বিমনবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারে জানান। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে নাসির জানায়- মজা করার জন্য সে চিরকুুটটি লিখে রেখেছিল। নাসির এখন র‌্যাব হেফাজতে আছে। সতর্কাবস্থা জারি করা প্রসঙ্গে বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "এয়ার অ্যারাবিয়া এয়ার লাইন্সের উড়োজাহাজটিতে বোমা থাকতে পারে বলে পাইলট অবতরণের আগে কন্ট্রোল টাওয়ারকে জানান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/ডিডি/এমএসবি/এমএইচবি/২১৪৮ ঘ.