ভোলা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত গ্যাস দিয়ে ভোলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন এবং গৃহস্থালী কাজে ব্যবহার নিশ্চিত করার দাবিতে বুধবার মানববন্ধন হয়েছে।
শাহবাজপুর গ্যাস বিতরণ সংগ্রাম কমিটি আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ভোলা বাস মালিক সমিতি, ভোলা রিপোর্টার্স ইউনিটি, জুয়েলার্স ব্যবসায়ী সমিতি, ঔষধ ব্যবসায়ী সমিতিসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনের সময় বক্তব্য রাখেন- ভোলা পৌরসভার মেয়র গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান, বিজেপি নেতা আশিকুর রহমান শান্ত, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা অবিলম্বে শাহবাজপুরের গ্যাস দিয়ে ভোলায় গ্যাসভিত্তিক কারখানা স্থাপন ও গৃহস্থালী কাজে গ্যাস ব্যবহার নিশ্চিত করার জন্যে সরকারের প্রতি দাবি জানান।
ভোলার বোরহানুদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাস ক্ষেত্রটি আবিস্কৃত হয় ১৯৮০ দশকে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশান অ্যান্ড প্রডাকশান কোম্পানি লিমিটেড (বাপেক্স) ১৯৯৩ সালে ওই এলাকায় জরিপ চালিয়ে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে ১৯৯৫ সালে শাহবাজপুরে এক নম্বর কুপ খননের কাজ শুরু করে বাপেক্স।
বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের আওতায় বাপেক্স গ্যাসক্ষেত্রটির উন্নয়নে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.
bdnews24