২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য বৃদ্ধিতে শেখ হাসিনার উদ্বেগ

পণ্যের দাম বাড়ার প্রভাবে জনজীবনের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের দাম বাড়ার প্রভাবে জনজীবনের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাময়িক মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বর্তমানে বিদেশে আছেন। হাসিনার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাবে সীমিত ও নিম্ন আয়ের মানুষ রোজার মাসেও কষ্টের মধ্যে দিন পার করছে। দেশের কয়েকটি অঞ্চলে বন্যা হওয়ায় সেখানকার মানুষ এতে আরও বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে। তিনি বলেন, এক সময় আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাতে দেশে পণ্যেও দাম বাড়ানো হয়। এখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির বোঝা জনগণের কাঁধেই রয়ে গেছে। আওয়ামী লীগ সভানেত্রী সীমিত ও নিম্ন আয়ের মানুষ এবং বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা সকালে টেলিফোনে তার প্রেস সচিব আবুল কালাম আজাদকে এসব কথা বলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে। যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল বেলা ১২ টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব ড.ফজলে রাব্বী সাদেক আহমদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। উপদেষ্ট আব্দুল মতিন কার্যালয়ে না থাকায় তার একান্ত সচিব স্মারকলিপি গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/১৯৩০ ঘ.