২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬ জনকে ১৫ কোটি টাকা জমা দেওয়ার আদেশ দিয়েছে ট্রুথ কমিশন

সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) এ পর্যন্ত স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারী ৪৬ জনের শুনানি গ্রহণ করে তাদের অবৈধভাবে অর্জিত প্রায় ১৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) এ পর্যন্ত স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারী ৪৬ জনের শুনানি গ্রহণ করে তাদের অবৈধভাবে অর্জিত প্রায় ১৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছে। বুধবার দুপুরে কমিশন সচিব খন্দকার মো. আসাদুজ্জামান সংবাদ ব্রিফ্রিংয়ে এ তথ্য জানান। আগের ব্রিফ্রিংগুলোতে কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বক্তব্য দিলেও বুধবার তিনি অনুপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান জানান, ৪৬ জনের মধ্যে সর্বোচ্চ প্রায় ৫ কোটি টাকা এবং সর্বনিম্ন প্রায় ১ লাখ টাকা অবৈধভাবে উপার্জিত অর্থের হিসাব পাওয়া গেছে। লক্ষ্যণীয় একটি বিষয় হচ্ছে, শুনানিতে অংশগ্রহণকারী কেউ অবৈধভাবে উপার্জিত সম্পদের তালিকায় গাড়ির কথা উল্লেখ করেননি। কমিশন সচিব জানান, অপরাধ স্বীকার করা ব্যক্তিরা যে পরিমাণ অবৈধভাবে উপার্জিত অর্থের কথা বলেছেন সেগুলোই কেবল সরকারের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো তথ্য গোপন করে থাকলে এর দায়দায়িত্ব তাদেরই বহন করতে হবে। খন্দকার মো. আসাদুজ্জামান আরও জানান, কমিশনে এ পর্যন্ত ২০৯টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে গুরুতর অপরাধ জাতীয় সমন্বয় কমিটি থেকে পাঠানো হয়েছে ১৫৩টি, দুর্নীতি দমন কমিশন থেকে এসেছে ৫১টি এবং সরাসরি জমা পড়েছে পাঁচটি। এর মধ্যে ১৯৫ জন কমিশন থেকে নির্ধারিত ফরম নিয়ে গেছেন এবং তাদের মধ্যে ১৬১ জন পূরণ করে জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কমিশনে যাননি বলে জানান সচিব। যে ২০৯ জনের আবেদন জমা পড়েছে তাদের মধ্যে ১৯১ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারি, ১৩ জন তাদের স্ত্রী এবং ৩ জন ব্যবসায়ী। বাকি দুইজনের পেশার কথা সংশ্লিষ্ট কাগজে উল্লেখ নেই। কয়েকদিন আগে কমিশন চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান ব্যবসায়ী ও রাজনীতিকদের কাছ থেকে সাড়া না পাওয়ায় প্রচারমাধ্যমের কাছে কিছুটা হতাশা প্রকাশ করেন। সচিব বলেন, "কমিশন যে উদ্দেশ্য নিয়ে কার্যক্রম শুরু করেছে তার সবটুকু পূরণ হয়ে যাবে এটা কখনো দাবি করছি না।" এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য কমিশনের নির্দেশপ্রাপ্তদের কারো ব্যাংক হিসাবের কার্যক্রম সরকার স্থগিত করে থাকলে, কমিশন তা আবার চালুর জন্য চিঠি দিয়েছে। উপ-সচিব শামীম আল মামুন জানান, বুধবার থেকেই টাকা জমা দেওয়া শুরু হওয়ার কথা। শুনানিতে অংশগ্রহনকারীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ২১ এবং সর্বনিম্ন ৭ দিনের মধ্যে টাকা জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। টাকা জমা দেওয়ার পর কমিশনে এসে প্রমাণ দেখানোর পরই চূড়ান্ত রায় দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে উপ-সচিব জানান, ট্রুথ কমিশনের ফরমে উল্লেখ করা কারো কারো বিবরণের সঙ্গে দুর্নীতি দমন কমিশন বা গুরুতর অপরাধ জাতীয় সমন্বয় কমিটির দেওয়া হিসাবের গরমিল পাওয়া গেছে। এগুলো যাচাই করা হচ্ছে। গত ৮ জুন রাষ্ট্রপতি 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' অধ্যাদেশ জারি করেন। এর আওতায় সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা এর বেশি সাজাপ্রাপ্ত ছাড়া যে কেউ কমিশনের কাছে সত্য প্রকাশ করে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পাবেন। ট্রুথ কমিশনের কার্যক্রম শুরু হয় গত ৩ আগস্ট থেকে। গত ১ সেপ্টেম্বর সাতজনের শুনানি গ্রহণের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। সর্বশেষ বুধবার ৬ জনের শুনানি হয়েছে। এদিকে, গত ২৮ আগস্ট 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' কেন সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করা হবে না- পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তার কারণ সরকারকে জানাতে বলেছিল হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/১৮৪৩ঘ.