২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দুই মন্ত্রী, চার প্রতিমন্ত্রীসহ ৭ জনের জামিন

বিভিন্ন মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী আবদুল জলিল, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিন, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী আবদুল জলিল, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিন, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ এসব জামিনের আদেশ দেন। ঘোষিত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় আগামী ২০ অক্টোবর পর্যন্ত জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। এ মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে তার কারণ জানাতে বলেছে আদালত। গত বছর ২৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক এনামুল হক রমনা থানায় এ মামলা দায়ের করেন। এক লাখ টাকা চাঁদাবাজি, মোবাইল ছিনতাই ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নামে জমি বরাদ্দ দুর্নীতি মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদাকে তিন মাসের জামিন দিয়েছে আদালত। গত বছর ৩ মার্চ মুন্সীগঞ্জের দোহার থানা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী এক লাখ টাকার চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। মোবাইল ছিনতাইয়ের মামলাটি দায়ের করেন ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন আহমেদ। এছাড়া রেলওয়ের জমি মানবাধিকার সংস্থার নামে বরাদ্দ দেওয়ার দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। নাজমুল হুদার আইনজীবী আসানুর রহমান সাংবাদিকদের বলেন, নাজমুল হুদার বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। এই তিনটি নিয়ে তিনি মোট ছয়টি মামলায় জামিন পেলেন। বিএনপি নেতা মির্জা আব্বাস তিন মাসের জামিন পেয়েছেন ঘোষিত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায়। আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরকে একই সময়ের জন্য জামিন দেওয়া হয়েছে একটি চাঁদাবাজি মামলায়। মীর নাসিরউদ্দিন ও মোসাদ্দেক আলী ফালুকে আয়কর ফাঁকির মামলায় তিন মাসের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া ১৮টি সরকারি বাড়ি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিন মাসের জামিন পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে