চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৫ সালের ১৭ আগস্ট চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বোমা হামলার আরেকটি মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) -এর তিন জঙ্গিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
একইসঙ্গে মামলা এজাহার ও তদন্তে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা 'গাছাড়া ভাব' দেখিয়েছেন বলে রায়ে মন্তব্য করা হয়েছে।
বুধবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম বন্দর থানায় বিস্ফোরক আইনে করা এই মামলাটির রায় দেন।
১৭ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড়, ইপিজেড মোড়সহ আটটি স্থানে বোমা হামলা চালায় জেএমবি। ওই ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এ নিয়ে তিন মামলার রায় দেওয়া হল।
এর আগে ৩১ আগস্ট হালিশহর থানায় দায়ের করা মামলার রায় দেওয়া হয়েছিল। রায়ে জেএমবি কমান্ডার জাবেদ ইকবালসহ দুই জঙ্গিকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
গত মঙ্গলবার খুলশী থানা করা বিস্ফোরক মামলায় জাবেদ ইকবালকে দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামি দেলোয়ার হোসেন জাহিদ ও আবু জরকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এদের মধ্যে জাহিদ পলাকতক।
বুধবার দেওয়া রায়ে খালাস পাওয়া আসামিরা হলেন- জাবেদ ইকবাল ওরফে আহম্মদ, আরশাদুল আলম ও আব্দুর সাত্তার মোল্লা। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার অপর তিন আসামি শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান সানির অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যহতি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌসুলি কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর থানায় দায়ের করা এ বিস্ফোরক মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় বিচারক তিন আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় বিচারক মামলার বাদী বন্দর থানার তৎকালীন উপ-পরিদর্শক এনায়েত উল্লাহ এবং তদন্ত কর্মকর্তা বন্দর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার তদন্তে 'গাছাড়া ভাব দেখিয়েছেন' বলে মন্তব্য করেছেন।
এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী একযোগে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। চট্টগ্রাম নগরীর অন্যান্য স্থানের মতো বন্দর থানা এলাকার ইপিজেড মোড়ের কলসী দিঘী সড়কের প্রবেশ মুখে বোমা হামলা চালায় জেএমবি। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় বন্দর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি বিস্ফোরক মামলা করে। ২০০৭ সালের ১৪ জানুয়ারি ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। একই বছর ২৫ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/১৫৩১ ঘ.
bdnews24