চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শারজা থেকে আসা একটি উড়োজাহাজে বোমা থাকতে পারে- এ ধরনের খবর পাওয়ার পর বুধবার দুপুর দেড়টা থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি সতর্কাবস্থা জারি করা হয়েছে।
অবশ্য যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে আসতে পেরেছেন।
এয়ার অ্যারাবিয়ার ওই উড়োজাহাজটিকে বিমান বন্দরের মূল অবতরণ এলাকা থেকে বেশ কিছুটা দূরে অবতরণ করানো হয়েছে।
জরুরি সতর্কাবস্থা জারির বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শারজা থেকে আসা এয়ার অ্যারাবিয়া এয়ার লাইন্সের একটি উড়োজাহাজে বোমা থাকতে পারে বলে পাইলট অবতরণের আগে কন্ট্রোল টাওয়ারকে জানান।"
তিনি জানান, দুপুর ১টা ৫১ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সব যাত্রীকে ইতোমধ্যে বিমান থেকে নামানো হয়েছে। তার আগেই দুপুর দেড়টা থেকে বিমানবন্দরে জরুরি সতর্কাবস্থা জারি করা হয়েছে।
পুলিশ ও র্যাব উড়োজাহাজ, যাত্রী এবং তাদের মালপত্র তল্লাশির কাজ শুরু করেছে বলেও ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জানান।
বিমানবন্দর ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা (এসআই) আবুল কালাম আজাদ জানান, উড়োজাহাজটিতে বোমা থাকতে পারে- এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/কিউএইচ/এমএসবি/এমএইচবি/১৬২২ ঘ.
bdnews24