ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হেরোইনসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেল ব্যাটালিয়ন (বিডিআর)।
জয়পুরহাটের ঘটনায় জড়িত সন্দেহে নয় চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আমাদের জয়পুরহাট প্রতিনিধি বিডিআরের বরাত দিয়ে জানান, মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট-২৯ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাল আটক করেছে। এসব মাল অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
এগুলোর মধ্যে রয়েছে- দুই হাজার ৫শ' পিস ভারতীয় উন্নতমানের শাড়ি এবং তৈরি পোশাক, চারশ' ৪২ কার্টন আপেল, ৬৮ কার্টন আঙ্গুর, ১৭ কার্টন আনার ও দুশ' ৭৮ কেজি চেরি ফল।
জয়পুরহাট-২৯ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শামীম আহমেদ জানান, সীমান্ত এলাকা থেকে দেশ কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে তারা খবর পান। পরে বিডিআর দপ্তরের সামনে দিয়ে ট্রাকটি যাওয়ার সময় তাতে তল্লাশি চালিয়ে এসব মাল উদ্ধার করা হয়।
আটককৃত পণ্যগুলোর আনুমানিক মুল্য দুই কোটি টাকা হবে বলে বিডিআর কর্মকর্তা শামীম জানিয়েছেন।
এসব ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। এরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মিন্টু মিয়া (২৫), সাজ্জাত হোসেন মল্লিক(২৫), বগুড়া সদরের ঠেঙ্গামারা গ্রামের শাহ আলম মন্ডল (২৪), নাজিম উদ্দীন (১৫), রংপুর সদরের জুম্মা পাড়া গ্রামের আরিফ হোসেন(২৮), আনোয়ার হোসেন (৪০), নিউ আদর্শ পাড়া গ্রামের আরমান হোসেন (২৪), ডাঙ্গিপাড়া গ্রামের মানিক মিয়া(১৭) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের জাফর আহমেদ (৪৫)।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বিডিআরের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পশ্চিম কোদালকাটি গ্রাম থেকে বিডিআর চার কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
বাংলাদেশ রাইফেলস ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার জানান, রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ বিডিআরের দিয়াড় মানিকচর (ডিএমসি) ক্যাম্পের একটি টহল দল কয়েকজনকে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সীমানায় ঢুকতে দেখে চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে ভারত সীমান্তে ঢুকে পড়ে। পরে বিডিআর সদস্যরা ব্যাগ তল্লাশি করে চার কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গত শুক্রবার নয় ঘণ্টার ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের দুটি সীমান্ত এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল। গত সপ্তাহের মঙ্গলবার সকালে সীমান্তবর্তী গ্রাম কোদালকাটি থেকে আরও তিন কেজি ২'শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৬২২ ঘ.
bdnews24