চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর সল্ট গোলা ক্রসিং, আগ্রাবাদ, জিইসির মোড়, দামপাড়া, জাকির হোসেন রোড থেকে এই তেরজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা এবং ছিনতাই করা ২০ টি মোবাইল ফোন সেট।
গ্রেপ্তারকৃতরা হলেন- একটি ছিনতাইকারী দলের মূল হোতা মোহাম্মদ মিলন (৩০), নুরুল আলম সিকদার (৩৪), মো. জসিম (৩৫), আলাউদ্দিন (২৫), জাহিদ (২৫), মো. জাকির (৩০), মো. সেলিম (২৮), এনামুল হক (২৮), রুবেল (২৬), মো. সেলিম (৩৫), রিপন (২৪), কাঁকন মহাজন (২২) ও মো. নিজাম (২৭)।
এদের মধ্যে ছিনতাইকারী, ছিনতাই করা মোবাইল ফোন সেটের ক্রেতা, অটোরিকশার চালক ও মেকানিক রয়েছেন।
কাঁকন ও নিজমা ছাড়া সবার বাড়ি ভোলা জেলার চর ফ্যাশন ও লালমোহন উপজেলায়।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও অটোরিকশা যাত্রীদের ব্যাগ ছিনতাই করে আসছে।
পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর ১ টায় সল্ট গোলা নুরুল আলম সিকদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যানুযায়ী সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে বাকিদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, রমজান মাসে এ চক্রটি আরও বেশি তৎপর হয়ে উঠেছিল। চক্রটি অটোরিকশায় চড়ে চলন্ত অবস্থায় টান দিয়ে রিকশা বা অন্য যানের যাত্রীদের ব্যাগ ছিনতাই করার কারণে টানা পার্টি হিসেবে বেশি পরিচিত।
এছাড়া বিশেষ প্রক্রিয়ায় ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশার গতি বাড়ানো হতো। এ জন্য কিছু মেকানিককে তারা দলে ভিড়িয়েছে ছিনতাইকারীরা।
বাবুল আকতার বলেন, চক্রটিতে চালক এবং নির্দিষ্ট কিছু ক্রেতাও রয়েছে। ছিনতাই করা মোবাইল সেট নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট, সল্টগোলা ক্রসিং এলাকার বিভিন্ন মোবাইল মেরামত কারখানায় বিক্রি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৭৩১ ঘ.
bdnews24