ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায়ও জামিন পেয়েছেন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে চার মামলার প্রতিটিতেই জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন। তার আইনজীবী বলছেন, এর ফলে এই সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে আইনগত আর কোনও বাধা থাকলো না।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে তিন মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেন।
জামিন আদেশের পর খালেদার আইনজীবী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে খালেদা জিয়ার মুক্তিতে আইনগত আর কোনও বাধা রইলো না।"
খালেদার প্রধান কৌঁসুলী ব্যারিস্টার রফিক উল হক আশা প্রকাশ করেছেন, হাইকোর্টের আদেশের অনুলিপি নিম্ন আদালতে পৌঁছার পর বুধবারের মধ্যেই খালেদা জিয়া মুক্তি পাবেন।
তবে সরকার পক্ষের কৌঁসুলী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব সাংবাদিকদের জানিয়েছেন, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এর আগেই খালেদা জিয়া জামিন পান।
মঙ্গলবার সকাল সোয়া ১১টায় হাইকোর্টে প্রথমে গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়।
শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "এই মামলার কার্যক্রম গত ৯ জুলাই হাইকোর্ট দুই মাসের জন্য স্থগিত করে দিয়েছিল। এরপর ২৮ আগস্ট ওই স্থগিতাদেশের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। মামলার ২৪ আসামির মধ্যে ১১ জন জামিনে রয়েছেন। আপিল বিভাগ তাদের জামিন স্থগিত করেনি। এই মামলার বিচার শিগগিরই শেষ হবে বলেও মনে হচ্ছে না।"
তিনি আরও বলেন, "মামলার এজাহারে ১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু অভিযোগপত্রে মাত্র ১৪ কোটি টাকার আত্মসাতের কথা বলা হয়েছে।"
তখন আদালত বলে, "তাহলে ৯৮৬ কোটি টাকা বাদ পড়েছে।"
রফিক উল হক বলেন, "গ্যাটকোকে কাজ দেওয়ার ক্ষেত্রে বেআইনি কিছু হয়ে থাকলে এখন কেন ওই প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হচ্ছে।"
আদালত জানতে চায়, "গ্যাটকোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে কিনা।"
জবাবে ব্যারিস্টার হক বলেন, "তারা এখনও কাজ করছে।"
আদালত আবার জানতে চায়, "এ মামলার কজন আসামি জামিনে রয়েছেন।"
উত্তরে রফিক উল হক বলেন, "অভিযুক্ত সব সাবেক মন্ত্রীসহ ১১ জন জামিনে রয়েছেন।"
ব্যারিস্টার হক বলেন, "দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ছাড়াই এ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগপত্র দায়েরের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হলেও তা যাচাই-বাছাই করে দেওয়া হয়নি।"
এরপর দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল আজিজ খান।
তিনি বলেন, "এই মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনর জামিন সোমবার আপিল বিভাগ স্থগিত করেছেন।"
তার এ বক্তব্যের প্রতিবাদ করে ব্যারিস্টার হক বলেন, "এ মামলায় নয়, অন্য মামলায় একেএম মোশাররফের জামিন স্থগিত করা হয়েছে। আপিল বিভাগে সাবেক প্রতিমন্ত্রীর পক্ষে আমি আইনজীবী ছিলাম।"
অ্যাডভোকেট আজিজ খান বলেন, "খালেদা জিয়া রিট আবেদন করে জামিন চেয়েছেন।"
তখন আদালত বলে, "রিট আবেদনে জামিন দেওয়ার বাধা কোথায়?"
জবাবে আবদুল আজিজ বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালার ১৯(ঘ) ধারা অনুযায়ী খালেদা জিয়াকে জামিন দেওয়া যায় না। জরুরি ক্ষমতা বিধিমালা এখনও কার্যকর।"
তখন আদালত বলে, "সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, কোন কোন ক্ষেত্রে জামিন দেওয়া যাবে, কী যাবে না। অসৎ উদ্দেশ্যে মামলা হলে সে ক্ষেত্রে আদালত জামিন দিতে পারবে।"
আজিজ খান জবাবে বলেন, "অসৎ উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে, জামিনের আবেদনে সে কথা বলা হয়নি। আর খালেদা জিয়া ফৌজদারি কার্যবিধির আওতায় আগেই জামিন আবেদন করেছিলেন। এখন আবার রিট এখতিয়ারে এসে জামিন চেয়েছেন।"
আদালত তখন বলে, "আগের জামিন আবেদনটির শুনানি হয়েছে কিনা।"
আজিজ খান জানান, তা হয়নি।
তখন আদালত বলে, "তাহলে বর্তমান জামিন আবেদনে বাধা কোথায়?"
এ পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব বলেন, "আজিজ খানের বক্তব্য সমর্থন করে আমি খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করছি।"
গ্যাটকোর পর নাইকো দুর্নীতি মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুনানির আবেদন জানালে আদালত বলে, "এ মামলায়ও খালেদা জিয়ার জামিন আবেদনের যুক্তি একই কিনা।"
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, "একই যুক্তিতে এই আবেদনটিও করা হয়েছে।"
তখন আদালত বলে, "তাহলে আর নতুন করে শুনানির প্রয়োজন নেই। তবে মামলার কতজন আসামি এবং তাদের মধ্যে কতজন জামিনে রয়েছেন এ তথ্য জানান।"
ব্যারিস্টার রফিকুল বলেন, "নাইকো দুর্নীতি মামলায় ১১ আসামির মধ্যে পাঁচ জন জামিনে রয়েছেন।"
তাদের জামিন আপিল বিভাগ স্থগিত করেছে কিনা- আদালত জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, "না করেনি।"
এর পর দুপুর ১২টার দিকে আবেদন দুটি মঞ্জুর করে খালেদা জিয়াকে তিন মাসের জন্য জামিন দেয় হাইকোর্ট।
আদেশের পর ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আদালত খালেদা জিয়াকে জামিন দিয়েছে। তিনি সব মামলায় জামিন পেয়েছেন। এখন নিম্ন আদালতের জামিননামা জমা দিতে যতটুকু সময় লাগে তারপরই তিনি মুক্তি পাবেন।"
ব্যারিস্টার হক বলেন, "আশা করা যাচ্ছে, আগামীকালের (বুধবার) মধ্যে তিনি মুক্তি পেয়ে ছেলে তারেক রহমানের সঙ্গে হাসপাতালে দেখা করতে পারবেন।"
তিনি বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এর কোনও ভিত্তি নেই। এ রকম মামলা হলে বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের বিরুদ্ধেও অনেক মামলা হবে। তাদের জামিন চাইতেও আমাকে আদালতে দাঁড়াতে হবে।"
জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব সাংবাদিকদের বলেন, "নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। ইতোমধ্যে বড় পুকুরিয়া ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।"
গত রোববার গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়।
গত বছরের ২ সেপ্টেম্বর গ্যাটকো এবং গত ৫ মে নাইকো মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
গ্যাটকো মামলায় চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অপর দিকে নাইকো মামলার অভিযোগপত্রে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গ্যাটকো মামলা দায়েরের পরদিনই ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। তার বড় ছেলে তারেক রহমানকে এর আগে গত বছরের ৮ মার্চ গ্রেপ্তার করা হয়।
সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন। তারেক তার বিরুদ্ধে বিচারাধীন ১২টি মামলার সবকটিতে জামিন নিয়ে গত বুধবার বন্দিদশা থেকে মুক্তি পান। তিনি বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।
সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে। পাশের আরেকটি বিশেষ কারাগারে ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তবে সাময়িক মুক্তি নিয়ে তিনি চিকিৎসার জন্য এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমআই/১৩৩৬ ঘ.
bdnews24