ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচন নিয়ে আগামী বুধবার নির্বাচন কমিশন (ইসি) নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
এদিকে ইসি দেশের উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির তথ্য চাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সোমবার পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসে অন্তত ২২ জেলার দেড়শ' উপজেলা বন্যাকবলিত হয়েছে।
অক্টোবরে এ পরিস্থিতি কোথায় দাঁড়াবে সে সম্পর্কে পূর্বাভাস দিতে না পারলেও ওই প্রতিবেদনে পাউবো জানিয়েছে, গতবছর এ সময় দেশের ৪৭টি জেলা বন্যাকবলিত হয়।
পাউবো'র মহাপরিচালক হোসাইন শহীদ মোজাদ্দাদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয় থেকে চলতি সপ্তাহেই প্রতিবেদনটি কমিশনে পৌঁছাবে।"
এদিকে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার বলেছেন, "রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপের পর সার্বিক তথ্য বিশ্লেষণ করে কমিশন আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) নিজেদের অবস্থান জানাবে।"
এদিকে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম সামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে দেখাও করেছেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির জানান, উপজেলা নির্বাচনের প্রস্তুতির জন্য বন্যা দুর্গত উপজেলাগুলোর তালিকা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কমিশন মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে।
হুমায়ুন কবির সে সময় বলেন, "উপজেলা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কি না নির্বাচন কমিশন তা বিবেচনা করে দেখবে।"
তিনি জানান, ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে উপজেলা ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।
কমিশন এর আগে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছিল।
আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে আসছে। ইসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর তিন দফা সংলাপেও অধিকাংশ রাজনৈতিক দল সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২৩৩০ ঘ.
bdnews24