ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে গত ৩০ আগস্ট দুদলের সংঘর্ষের ঘটনায় করা মামলা প্রত্যাহার ও পুলিশ হয়রানি বন্ধের দাবিতে এটিসহ আশপাশের নয়টি মার্কেট অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকাল থেকে নয়টি মার্কেটের সব দোকান বন্ধ রয়েছে। দু-একজন ব্যবসায়ী দোকান খুলতে গেলে আন্দোলনকারীরা তাদের ধাওয়া করে হটিয়ে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদুল ইসলাম জানান, কর্মসূচি প্রত্যাহারের জন্য ব্যবাসায়ী নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পুলিশ আর হয়রানি বা গ্রেপ্তার অভিযান চালাবে না বলে ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছে।
এ মামলায় এ পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিরাসার গ্রামের বাসিন্দা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মামলার এক নম্বর আসামি- আন্দোলনরত ব্যবসায়ীদের নেতা তাজ মোহাম্মদ ইয়াসীন জানান, পুলিশ অন্যায়ভাবে গণগ্রেপ্তার ও নিরীহ ব্যবসায়ীদের হররানি করছে।
মামলা প্রত্যাহার ও দায়ী পুলিশ কর্মকর্তাদের অপসারণ না করা পর্যন্ত মার্কেটগুলো বন্ধ রাখা হবে বলে তিনি জানান।
গত ৩০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শপিং সেন্টার আনন্দবাজারে সবজি দাম নিয়ে বচসাকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
বিরাসার এলাকার সবজি বিক্রেতা কান্দিপাড়ার ক্রেতার কাছে বেশি দাম চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরে বিরাসার ও কান্দিপাড়ার এলাকার লোকজন নৌকা ও টেম্পুতে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা এক দিন পর ১ সেপ্টেম্বর সকালে বিষয়টি মীমাংসার জন্য পুলিশের মধ্যস্থতায় হওয়া বৈঠকে দুই এলাকাবাসীর মধ্যে আবার সংঘর্ষ হয়।
সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে একজন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর ওইদিন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, সংঘর্ষের ঘটনায় ৪/৫'শ অজ্ঞাত পরিচয় লোককে আসামি করে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24