২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খেলার ছলেই' র‌্যাব ওয়েবসাইট হ্যাক করেন শাহী মির্জা

র‌্যাবের ওয়েবসাইট হ্যাককারী শাহী মির্জাসহ চার যুবককে শনিবার রাতে মীরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত বাকি তিন জন হলেন- ইশতিয়াক, জাহিদুল ও তাওহিদুল। তাদের সবাইকে মীরপুর ১ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে গ্র্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের ওয়েবসাইট হ্যাককারী শাহী মির্জাসহ চার যুবককে শনিবার রাতে মীরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত বাকি তিন জন হলেন- ইশতিয়াক, জাহিদুল ও তাওহিদুল। তাদের সবাইকে মীরপুর ১ নম্বর সেকশনের একটি বাড়ি থেকে গ্র্রেপ্তার করা হয়। শাহী মির্জা বলেছেন, 'খেলার ছলে' তিনি র‌্যাবের ওয়েবসাইট হ্যাক করে ফেলেছেন। এ পর্যন্ত ২২টি ওয়েবসাইট তিনি হ্যাক করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত বাকি তিন জন তার বন্ধু; তারা হ্যাকিংয়ের সঙ্গে জড়িত নয়। সাধারণভাবে অন্যের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তাকে পাশ কাটিয়ে অবৈধভাবে তাতে প্রবেশ করাকে তথ্যপ্রযুক্তির পরিভাষায় হ্যাকিং বলে। অপরাধ দমনের জন্য গঠিত এলিট বাহিনী র‌্যাবের ওয়েবসাইটটি শুক্রবার হ্যাকিংয়ের শিকার হয়। ওইদিনই সাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেয় র‌্যাব কর্তৃপক্ষ। শনিবার তা আবার চালু করা হয়। মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার রোববার র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বলেন, "হ্যাকিংয়ের শিকার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আওতায় অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এর আগে র‌্যাবের কমান্ডার মো. মাইনুল হক সাংবাদিকদের জানান, হ্যাকার শাহী মির্জা অন্তত ২২টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছেন। আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে শাহী মির্জার ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত শাহী মির্জা বলেন, নিতান্ত খেলার ছলেই তিনি কাজটি করেছেন। এর আগে আরও কয়েকটি ওয়েবসাইট হ্যাক করলেও কোনো সমস্যা হয়নি। এ কাজ করে অর্থনৈতিকভাবে লাভবানও হননি তিনি। রাজধানীর মীরপুরের সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজম্যান্ট অ্যান্ড টেকনোলজির ৪র্থ সেমিস্টারের ছাত্র শাহী মির্জা তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা পুলিশের একজন উপপরিদর্শক। গত বছর জুলাই মাসে প্রথম একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেন শাহী মির্জা। এরপর চলতি বছর আরো ২১টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট তার কারিগরী দক্ষতার শিকার হয়। এক প্রশ্নের জবাবে মির্জা বলেন, "এখন বুঝতে পারছি, একটা অপরাধ করে ফেলেছি। আমি চাই, আমার মতো না বুঝে এ ধরনের অপরাধ আগামীতে যেন আর কেউ না করে।" শুক্রবার র‌্যাবের ওয়েবসাইটে (িি.িৎধন.মড়া.নফ) ঢুকলে দেখা যায় সেখানে বাহিনীটির কোনো তথ্যের বদলে লেখা আছে 'হ্যাকড বাই শাহী মির্জা'। র‌্যাব এর হোমপেজে শাহী মির্জা আরও লেখেন, "সরকার তথ্য প্রযুক্তির উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। অথচ সাইবার অপরাধ প্রতিরোধে একটি আইন করেছে।" সেখানে তিনি মন্তব্য করেন, "হ্যাকাররা অপরাধী নয়। তারা তোমাদের বিশেষজ্ঞের চেয়ে ১০ গুণ বেশি পারদর্শী। আমরা কতোটা মেধাবী তা তোমরা চিন্তাও করতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জেকে/এসকে/১৮৪৫ঘ.