২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে: নোমান

সরকার নির্ধারিত এজেন্ডার বাইরে দুর্নীতিবিরোধী অভিযানসহ আরও অনেক কিছু করতে গিয়ে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার নির্ধারিত এজেন্ডার বাইরে দুর্নীতিবিরোধী অভিযানসহ আরও অনেক কিছু করতে গিয়ে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, "১/১১ জাতিকে সামান্য ধাক্কা দিলেও এর কোন প্রতিফলন কোথাও ঘটেনি। জাতি এর সুফল পায়নি। প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের কথার সঙ্গে কাজের কোন মিল নেই।" শনিবার দুপুরে নগরীর কাতালগঞ্জে নিজ বাসায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে নোমান উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। বৃহস্পতিবার তিনি একটি দুর্নীতি মামলায় ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। তিনিসহ রাজনৈতিক নেতাদের দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার ব্যাপারে জানতে চাইলে নোমান বলেন, "দুর্নীতি বিরোধী অভিযানের নামে ভয়-ভীতি দেখানো এবং শারীরিক অসুস্থতার কারণে বিভিন্ন নেতা দেশ ছেড়েছেন।" সংস্কার নিয়ে বিএনপির মধ্যে দ্বিধা-বিভক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বড় দলে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে।" বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ বলে নোমান দাবি করেন। বিএনপির যুগ্ম মহাসচিব নোমান বলেন, "জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসুক এটাই আমাদের কাম্য। রাজনৈতিক দলগুলো মুক্ত পরিবেশে তাদের কাজ শুরু করতে পারলে দেশে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে।" ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে কি না এ ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি সরাসরি এর জবাব না দিয়ে বলেন, "রাজনৈতিক বিশ্লেষক এবং চারদলীয় জোট নেতারা শুরু থেকেই সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে আসছেন। নির্বাচন হবে কি না তা নির্ভর করবে নির্বাচন কমিশনের কাজের ওপর।" নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চারদলীয় জোট আগেই প্রশ্ন তুলেছে বলে নোমান জানান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীরও শনিবার চট্টগ্রামে তার গুডস হিলের বাসায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। গাজীপুর কাশিমপুর কারাগার থেকে শুক্রবার সকালে জামিনে মুক্তির পর সালাউদ্দিন কাদের রাতেই চট্টগ্রাম পৌঁছান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/জিএনএ/১৭৪৭ ঘ.