২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার সর্বশেষ তথ্য নেই নিয়ন্ত্রণ কক্ষে

দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থার তথ্য নেই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে শনিবার বন্যা সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা হলে বৃহস্পতিবারের পরের কোনও তথ্য সরবরাহ করতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষে কর্মরতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থার তথ্য নেই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পক্ষ থেকে শনিবার বন্যা সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা হলে বৃহস্পতিবারের পরের কোনও তথ্য সরবরাহ করতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষে কর্মরতরা। পাওয়া যায়নি দায়িত্বশীল কর্মকর্তাকেও। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকেই বন্যার সর্বশেষ তথ্য সরবরাহ করার কথা। বন্যার সর্বশেষ তথ্য জানতে দুপুরে নিয়ন্ত্রণ কক্ষে টেলিফোন করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিল উদ্দিনকে পাওয়া যায়নি। তিনি ব্যক্তিগত প্রয়োজনে অফিসের বাইরে রয়েছেন বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। কর্মরত অফিস সহকারীরা জানান, সকালের শিফটের ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিল উদ্দিন তাদের দেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করে জমা করতে বলেছেন। তবে তিনি নিজে অফিসে আসবেন না। এ সব তথ্য সংগ্রহের পর বিকালের শিফটের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামানকে দিতে বলা হয়েছে। এ বিষয়ে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত উপ-সচিব সালাউদ্দিন মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালেই সর্বশেষ আপডেট প্রতিবেদন তৈরি করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। হয়তো কোনও কারণে তা হয়নি।" ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিল উদ্দিনকে কার্যালয়ে না পাওয়ার বিষয়ে তিনি বলেন, "তার তো অফিসে থাকার কথা। হয়তো আশেপাশেই কোথাও আছেন। আমি তাকে বলছি। দ্রুতই তিনি আপনাদের তথ্য সরবরাহ করবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৫৫ ঘ.