২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে মন্দির দখল চেষ্টার অভিযোগে বিক্ষোভ

নাটোরের একটি গুরুত্বপূর্ণ মন্দিরের কথিত দখল প্রচেষ্টা নিয়ে শহরের হিন্দু সম্প্রদায়ের মানুষ শুক্রবার শহরে বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

নাটোর, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের একটি গুরুত্বপূর্ণ মন্দিরের কথিত দখল প্রচেষ্টা নিয়ে শহরের হিন্দু সম্প্রদায়ের মানুষ শুক্রবার শহরে বিক্ষোভ করেছেন। স্থানীয় রাজা রাম জীবন রায় ও যোগেন্দ্র নাথ রায় বাহাদুরের সময় নির্মিত মহাকালী মাতার (জোড়া শিব মন্দির) মন্দির নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ মন্দিরটিতে পূজা অর্চনা করে আসছিলেন। হঠাৎ করে মন্দিরের সেবাইত যোগেন্দ্র নাথ শুকুল গত ২২ আগস্ট থেকে মন্দিরে সাধারণের প্রবেশ বন্ধ করে দেন। তিনি মন্দিরে তালা লাগিয়ে দেন এবং লোকজন নিয়ে সীমানা প্রাচীর ভাঙা শুরু করেন। স্থানীয়রা জানিয়েছেন, এর প্রতিবাদে শুক্রবার সকালে মন্দির ব্যবহারকারীরা স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে মন্দির চত্বরে অবস্থান নেন এবং দিনভর থেমে থেমে বিক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে পুলিশ এসে প্রাচীর ভাঙার কাজ বন্ধ করে। পরে স্থানীয় জনতা সব তালা খুলে ফেলে এবং মন্দিরের নিয়ন্ত্রণ নেয়। মন্দির কমিটির সভাপতি সুবল কুমার দাস ও সম্পাদক বাবলু কুমার চন্দ অভিযোগ করে বলেন, হাল রেকর্ডে (আর এস) সর্ব সাধারণের ব্যবহারের জন্য উল্লেখ থাকার পরও সেবাইত মন্দিরটি দখলের পাঁয়তারা করছেন। এ ব্যাপারে সেবাইত যোগেন্দ্র নাথ শুকুল বলেন, মন্দিরের জায়গাটি তাদের পৈত্রিক সম্পত্তি। হাল রেকর্ডে 'ভুলক্রমে' সর্বসাধারণের জন্য উল্লেখ করা হয়েছে দাবি করে তিনি বলেন, এটা সংশোধনের জন্য তারা মামলা করেছেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ আলী বলেন, "সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। উভয়পক্ষ আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে আশা করছি।" সাড়ে ২১ শতক জায়গার ওপর নির্মিত মন্দিরটি নাটোরের দর্শনীয় স্থানগুলোর অন্যতম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/২১৪৭ঘ.