চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও শিবির ক্যাডার নাসিরের সহযোগী জাহাঙ্গীর আলম ওরফে তসবীহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সিএনজি চালিত অটোরিকশায় চড়ে নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামের দিকে যাওয়ার পথে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) ওয়াহিদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার দুপুর থেকে মইজ্জ্যার টেক এলাকায় অবস্থান করছিল। বিকাল সাড়ে ৩টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে শহর থেকে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও নাসিরের সহযোগী তসবীহ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজি ও রাহাজানিসহ ১৩টি মামলা রয়েছে।
ওয়াহিদুল হক জানান, তসবিহ জাহাঙ্গীর বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণ মামলার আসামি হলেও অভিযোগপত্রে তাকে অর্ন্তভুক্ত করা হয়নি।
তিনি আরও জানান, চকবাজারে জাহাঙ্গীরের মালিকানাধীন কস্তুরিকা রেস্তোরাঁয় শিবির ক্যাডার নাসির ও তার অন্য সহযোগীরা নিয়মিত আড্ডা দিত ও সলা পরামর্শ করত।
গত মঙ্গলবার জাহাঙ্গীরের নির্দেশে তার ভাড়া করা তিন সন্ত্রাসী আগ্রাবাদের কর্ণফুলী মসজিদের সামনে এক ব্যাক্তিকে হত্যার চেষ্টাকালে পুলিশ রিভলবারসহ তাদের গ্রেপ্তার করে। সে সময় এক সন্ত্রাসী রিভলবার দিয়ে কোতোয়ালী থানার সহকারী কমিশনার বাবুল আকতারকে গুলি করার চেষ্টা করেছিল।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বিপ্লব, আলাউদ্দিন ও মিজান জানিয়েছে তারা চকবাজারের কস্তুরিকা রেস্তোরাঁর মালিক জাহাঙ্গীরের নির্দেশে সেখানে গিয়েছিল। উদ্ধারকৃত অস্ত্রটিও জাহাঙ্গীরের নামে লাইসেন্স করা। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের এ কাজের জন্য ভাড়া করা হয়েছিল।
এ ঘটনার পর থেকে পুলিশ তসবিহ জাহাঙ্গীরকে ধরার জন্য তৎপরতা শুরু করে।
গোয়েন্দা কর্মকর্তা ওয়াহিদুল হক জানান, জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালী থানায় সোপর্দ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24