চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয় ঘণ্টার ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের দুটি সীমান্ত এলাকা থেকে সাড়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
এর আগে গত মঙ্গলবার সকালে সীমান্তবর্তী গ্রাম কোদালকাটি থেকে তিন কেজি ২'শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর সৈয়দ মো. আবু হাসান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আলাতুলি ইউনিয়নের পোলাডাঙ্গা সীমান্তে কয়েকজন চোরাকারবারীকে বিডিআরের একটি টহল দল ধাওয়া করে। এ সময় হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায় তারা।
ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বড় তিনটি পলিথিন প্যাকেটে তিন কেজি ২'শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এর ৯ ঘন্টা আগে বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে আন্তর্জাতিক সীমানার মেইন পিলার ৩৭ এর সাব পিলার ৭ এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর এলাকায় প্রবেশ করে।
বিডিআরের একটি টহল দল ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৯টি পলিথিন প্যাকেটে ভরা দুই কেজি ৩'শ গ্রাম হেরোইন।
বিডিআর কর্মকর্তা আবু হাসান জানান, দুই দফায় উদ্ধারকৃত হেরোইনের দাম প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24