২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কপোতাক্ষের বাঁধ ভেঙে আট গ্রাম প্লাবিত

জোয়ারের তোড়ে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ধসে বৃহস্পতিবার আটটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 05:31 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোয়ারের তোড়ে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ধসে বৃহস্পতিবার আটটি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েকদিন আগে বাঁধে সামান্য ফাটল দেখা দিলেও বৃহস্পতিবার সকালে বাঁধের প্রায় তিনশ' ফুট এলাকা মুহূর্তের মধ্যে ধসে যায়। পানির ঢুকে তলিয়ে যায় উপজেলার গাবুরা ইউনিয়নের আটটি গ্রাম, ফসলি জমি ও বিপুল সংখ্যক চিংড়ি ঘের। প্লাবিত গ্রামগুলো হচ্ছে গাবুরা ইউনিয়নের গাগড়ামারি, কালিবাড়ি, চকবারা, লক্ষ্মীখালি, গাবুরা, জেলেখালি, খোলপেটুয়া ও নেবুবনিয়া। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আযম লেলিন জানান, ইউনিয়নের ২৮ কিলোমিটার বেড়িবাঁধের ২০ কিলোমিটারই এখন হুমকির মুখে। বাঁধের অন্যান্য স্থানেও বেশ কিছু ফাটল দেখা দিয়েছে। সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা যে কোন মুহূর্তে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। লেলিন জানান, ভাঙনের ফলে প্রায় চার হাজার বাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। সাড়ে চারশ' মাছের ঘের তলিয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। প্লাবিত এলাকার মানুষ স্থানীয় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মধ্যে চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান জানান, স্থানীয় গ্রামবাসী, পানি উন্নয়ন বোর্ড বাঁধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুর ১টা পর্যন্ত কাজে অগ্রগতি হলেও জোয়ারের তোড়ে আবার তা ভেঙে যায়। রাতে ভাঙন বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। লেলিন জানান, পানিউন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারের আওয়াতাধীন ৩ নম্বর বাঁধটির পুরোটাই এখন কপোতক্ষের নিচে। পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী লুৎফার রহমান জানান, বাঁধটি মোরামতের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেকে/২৩০৮ ঘ.