২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সঙ্গে ৯ সেপ্টেম্বর একবারই বসবে আ. লীগ

দু'বার নয়, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে একবারই আলোচনায় বসবে আওয়ামী লীগ। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে এ সংলাপ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'বার নয়, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে একবারই আলোচনায় বসবে আওয়ামী লীগ। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে এ সংলাপ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। নির্বাচন কমিশনের সংলাপ প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব (আইন) এ কে এম সলিমউল্লাহ ওই তারিখেই আলোচনা অনুষ্ঠানের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। জরুরি আইন প্রত্যাহার ও প্রথমে জাতীয় সংসদ নির্বাচন আনুষ্ঠানের ব্যাপারে আওয়ামী লীগের দাবির বিষয়ে ৪ সেপ্টেম্বর একবার এবং গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের আর এক দফা বৈঠক হওয়ার কথা ছিল। এ সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে জানিয়ে জিল্লুর রহমান বুধবার তার বাসায় সাংবাদিকদের বলেন, " আমাদের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমদসহ অনেকেই অসুস্থ। এ কারণে আমরা একবারে ৯ তারিখেই সব বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করব।" এ সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বলেন, "আমরা দু'দিনের পরিবর্তে একদিনই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করব।" ভারপ্রাপ্ত সভাপতি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার আগে আওয়ামী লীগ ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনায় বসবে। বৃহস্পতি বা শুক্রবার শরিকদের সঙ্গে এ আলোচনা শুরু হবে। এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও গণতন্ত্রী পার্টির নূরুল ইসলামের সঙ্গে আলোচনা হয়েছে বলে জিল্লুর রহমান জানান। শেখ হাসিনার দেশে ফেরার তারিখ চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "অক্টোবরের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা। তবে চিকিৎসা শেষ হয়ে গেলে তার আগেই ফিরতে পারেন।" শেখ হাসিনা ঢাকার মেয়র পদে মতিয়া চৌধুরীর কথা ভাবছেন- বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আমাদের সভানেত্রী এ রকম কোনো অনুরোধ মতিয়া চৌধুরীকে করেননি। আর মতিয়া চৌধুরীরও এরকম কোনো ইচ্ছা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/জেকে/এসকে/১৬১৭ঘ.