কুমিল্লা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জোর করে কর্তৃত্ব দখলের অভিযোগে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রমিজ খানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক তিন সদস্যের এ কমিটি গঠন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রজস্ব) নাজমুল হক খানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন জেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম ও জেলা তথ্য কর্মকর্তা মীর আহসানুল কবীর।
কমিটির আহ্বায়ক নাজমুল হক খান জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি হিসাবপত্রাদি নিরীক্ষাসহ ৪টি বিষয়ে তদন্ত শেষে সুপারিশ প্রদান করবে বলেও জানান তিনি।
কুমিল্লায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকা, সংবাদ সংস্থা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ২৭ আগস্টের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন-দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, সমকাল, যুগান্তরসহ প্রায় সব জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ইউএনবি, এবিসি রেডিও এবং কুমিল্লার স্থানীয় বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের ৪১ জন সাংবাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24