২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে নিরাপত্তা জোরদার করবে র‌্যাব

রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মেট্রোপলিটন শহর এলাকাসহ জেলাশহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মেট্রোপলিটন শহর এলাকাসহ জেলাশহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে র‌্যাব। সোমবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রমজান ও ঈদ উপলক্ষে বিপণিবিতান, কাঁচাবাজার, আড়ত ও ব্যাংকে নগদ অর্থের লেনদেন বাড়ায় এ সময় বিভিন্ন অপরাধ প্রবণতাও বৃদ্ধি পায়। এ ধরনের ঘটনা রোধে মেট্রোপলিটন শহর এলাকাসহ জেলাশহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাটে বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে- জানানো হয় বিজ্ঞপ্তিতে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে রোববার র‌্যাবের মাসিক সমন্বয় সভায় সংস্থার মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, বিভিন্ন উইংয়ের পরিচালক এবং সব ব্যাটালিয়নের অধিনায়ক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে এলাকাভিত্তিক গোয়েন্দা কার্যক্রম জোরদার, শপিং-মল/বিপণিবিতানে নজরদারি বাড়ানো, মাদক বিরোধী অভিযান জোরদার করা হবে। এছাড়া, বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের স্পট চিহ্নিত করে গোয়েন্দা দলের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। র‌্যাবের নিজস্ব ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযানও জোরদার করবে। শহরের প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করে তল্লাশি চালানোর কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ঢাকার র‌্যাবের প্রায় দু'হাজার সদস্য দায়িত্বপালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২১৩১ ঘ.