ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য সপ্তম 'পে কমিশন' গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব এম মোস্তাফিজুর রহমানকে ১৩ সদস্যের এ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেবে।
কমিশনে পূর্ণকালীন সদস্য হিসেবে রয়েছেন তিন জন এবং খণ্ডকালীন সদস্য হিসেবে আছেন ৯ জন।
পূর্ণকালীন সদস্যরা হলেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক এম আজিজুল হক, সাবেক সচিব ড. এ কে আবদুল মুবিন ও সাবেক সচিব হাবিবুর রহমান।
কমিশনের সদস্যরা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণসহ অন্যান্য অসঙ্গতি দূর করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন।
অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম গত ৯ জুন চলতি অর্থবছরের বাজেট ঘোষণায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন এবং বেতন ভাতা পুনর্নির্ধারণে একটি কমিশন গঠনের প্রস্তাব করেন।
সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কাঠামো (ষষ্ঠ বেতন স্কেল) কার্যকর করা হয় ২০০৫ সালের জানুয়ারি থেকে। এর আগে ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এডি/কিউএইচ/এমএ/জেকে/এমএইচবি/২১১৬ ঘ.
bdnews24