জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন হয়রানির অভিযোগে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ছানোয়ার হোসেনের বরখাস্তের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচিতে রোববার আরও সাত শিক্ষার্থী যোগ দিয়েছেন।
এ নিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
আমরণ অনশনে যোগ দেওয়া নতুন সাত শিক্ষার্থী হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সামিউন জাহান দোলা ও দ্বিতীয় বর্ষের ছাত্রী মালবিকা সরকার চৈতী, প্রথম বর্ষের ছাত্র কৌশল চাকমা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্রী শাকিলা মাহজেবীন তন্বী, নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাকলাইন আল মামুন, ভুগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আল আমিন এবং ছাত্রী আফিফা রাজ্জাক।
আফিফা রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার মাস ধরে আন্দোলন করছি। এতোদিন প্রশাসনের টনক নড়েনি। এখন বলা হচ্ছে দ্রুত তদন্ত কাজ শেষ করা হবে। যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত অনশন অব্যাহত রাখবো আমরা।"
রোববার সকালে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট নেতারা অনশনস্থলে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ছাত্রজোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সহ সভাপতি কল্লোল বণিক, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তমাল এবং ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুর রহমান।
দুপুরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধিকাংশ শিক্ষক অনশনস্থলে আসেন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কাজ অব্যাহত থাকায় শিক্ষার্থীদের অনশন থেকে বিরত থাকা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদের ছুটির অর্থাৎ ২১ সেপ্টেম্বর এর আগে তদন্ত কাজ শেষসহ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে আশ্বাস দিয়েছে তাতে ধৈর্য ধরার আহ্বান জানান।
এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় সভাপতি আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সোমা মুমতাজ সহযোগী অধ্যাপক খায়েরুজ্জাহান মিতু, প্রভাষক খোন্দকার হালিমা আক্তার, মোহাম্মদ খোরশেদ আলম ও মোহাম্মদ নূরুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়াও অনশনস্থলে এসে দর্শন বিভাগ ও আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাভার জেলা শাখার সাধারণ সম্পাদিকা পারভীন ইসলাম ও আইন বিষয়ক সম্পাদিকা কসকো আহসান সংহতি প্রকাশ করেন।
অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে প্রায় চার মাস ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে পাঁচজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।
এরা হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত উল্ল্যাহ, অঞ্জলী ইসলাম, কবীর হোসাইন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মাশকুরা রহমান ও হাবিবুর রহমান জুয়েল।
গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে।
পরদিন থেকে বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করে আন্দোলনে নামে।
একই সঙ্গে তারা অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে প্রায় চার মাস ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল-সমাবেশ, মৌনমিছিল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
ছানোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে এর মধ্যে দুটি কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন দুটির ভিত্তিতে ছানোয়ার হোসেনকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দিয়ে উপাচার্যের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24