ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে পাঁচ সচিব পর্যায়ের কর্মকর্তাসহ বেশ কিছু পদে রোববার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।
সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব আবদুস সালাম খানকে সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর, ভূমি সচিব মোসলেহ উদ্দিন আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, বিপিএটিসির রেক্টর আবু মো. মনিরুজ্জামানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম জাফরুল্লাহ খানকে পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা কমিশনের সদস্য এ এম এম নাসির উদ্দিনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
পিএটিসির এমডিএস (যুগ্ম-সচিব) মনোয়ার হোসেন সরকারকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে তার বদলি আদেশ বাতিল করা হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী/পরিচালক (কারিগরি) হিসেবে প্রেষণে নিয়োগ করেছে সরকার।
রাজশাহী রেশম বোর্ডের সচিব পদে কর্মরত উপ-সচিব সানোয়ার হোসেনকে একই বোর্ডের সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ-সচিব) জোবেদা খাতুনকে রেশম বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন সাইফুল কবির।
পঞ্চগড়ের আটোয়ারির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে খুলনার দিঘলীয়ায়, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদুল হাসানকে আটোয়ারীর ও সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল আবেদীনকে সিলেটের গোলাপগঞ্জের ইউএনও করা হয়েছে।
এছাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুরের ইউএনও মনিরুল ইসলাম ও চাঁদপুর উত্তরের মাহফুজুল আলম খানকে স্থানীয় সরকার বিভাগে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখায় ন্যস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব সৈয়দা জেবিননিছা সুলতানাকে রাজশাহী সিটি করর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পদে বদলি করারও আদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24