২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে আচরণের জন্য ইসি দুঃখিত

বিএনপির সঙ্গে ইতোপূর্বের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম সামসুল হুদা বলেছেন, "বিএনপির সঙ্গে আগের আচরণের জন্য আমরা দুঃখিত। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সঙ্গে ইতোপূর্বের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম সামসুল হুদা বলেছেন, "বিএনপির সঙ্গে আগের আচরণের জন্য আমরা দুঃখিত। এমনটা হওয়া উচিত ছিল না; ওটা ছিল একটা অঘটন। এ জন্য আমরা অনেক নিগৃহীত হয়েছি। অনেক সময়ও নষ্ট হয়েছে।" সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে পাঠানোর চিঠি নিয়ে জটিলতার বিষয় ধরেই সিইসি এ কথা বলেন। গত বছর প্রথম দফা সংলাপে অংশ নিতে বিএনপির অস্থায়ী কমিটি মনোনীত মহাসচিব হাফিজ উদ্দিনের কাছে চিঠি পাঠায় ইসি। তখন এর বিরোধিতা করে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অংশ। এক পর্যায়ে বিষয়টি আদালতে গড়ালে ইসির সংলাপও দীর্ঘদিন ঝুলে থাকে। পরে দ্বিতীয় দফা সংলাপে হাফিজ উদ্দিনের পাশাপাশি খোন্দকার দেলোয়ারকেও আমন্ত্রণ জানায় ইসি। সর্বশেষ তৃতীয় দফা সংলাপে মহাসচিব সম্বোধন করে বিএনপির চিঠি শুধু খোন্দকার দেলোয়ার হোসেনকেই পাঠানো হয়। এ দফায় হাফিজ উদ্দিনকে চিঠি পাঠানো হয়নি। আগামী ৬ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দফা সংলাপ শুরুর কথা রয়েছে। 'গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন ও নির্বাচন' শীর্ষক ওই আলোচনা সভায় সিইসি বলেন, "দেশে রাজনীতি করতে কোনও বাধা নেই। কমিশন এক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতাও সৃষ্টি করছে না। শুধু যে সব দল নির্বাচনে অংশ নেবে, তাদের নিবন্ধিত হতে হবে।" নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে দাবি করে শামসুল হুদা বলেন, "বর্তমানে কমিশন স্বাধীনভাবেই কাজ করছে। কারও কোনও হস্তক্ষেপ নেই। নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও দক্ষতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাচিছ।" তিনি বলেন, "বাংলাদেশ আগামী ৫/১০ বছরের মধ্যে ভালো অবস্থানে পৌঁছবে। আমরা সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিলাম। তা থেকে ধীরে ধীরে উঠে আসতে হবে। আমাদের হতাশ হওয়ার কিছু নেই। রাতারাতি সব কিছু পাল্টানো যাবে না।" এ জন্য রাজনীতিবিদ, সুশীল সমাজসহ সব পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান সিইসি। সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু জরুরি অবস্থা তুলে নিয়ে সবার আগে জাতীয় নির্বাচন দাবি করেন। তিনি বলেন, "জাতীয় নির্বাচন ব্যাহত হবে, এমন কিছু করাটা ঠিক হবে না। আমরা উপজেলা নির্বাচনের বিরুদ্ধে নই। তবে তা হতে হবে সংসদ নির্বাচনের পরে।" নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে আমু বলেন, "চি‎িহ্নত অপরাধীরা যেভাবে কারাগার থেকে বেরিয়ে আসছে, তাতে নির্বাচন ঠিক সময়ে হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।" বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে বলেন, "কমিশন যে সব আইন ও বিধি-বিধান করেছে, তা স্বল্প সময়ে বাস্তবায়ন করা কঠিন হবে।" তিনিও জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান। 'মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি' আয়োজিত ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সংবাদ সংস্থা এপির ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এসএম/এমআই/১৬০০ ঘ.