২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে সম্ভ্রম রক্ষা করতে না পেরে তরুণীর আত্মহত্যা

"সুন্দর মিয়ার ছেলে ফজলু, সে আমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। তাই আমি মরতে বাদ্য হলাম। ইতি- শেষ ঠিকানা"--এই ছিল হতভাগ্য হনুফা বেগমের শেষ কথা। মেয়েটি সম্ভ্রম রক্ষা করতে না পারার অপমানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলেই এ চিরকুট থেকে ধারণা করছে পুলিশ ও তার পরিবার। বিস্তারিত জানাচ্ছেন কামরুল আম্বিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 06:28 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মৌলভীবাজার, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--"সুন্দর মিয়ার ছেলে ফজলু, সে আমাকে নির্মমভাবে নির্যাতন করেছে। তাই আমি মরতে বাদ্য হলাম। ইতি- শেষ ঠিকানা"--এই ছিল হতভাগ্য হনুফা বেগমের শেষ কথা। মেয়েটি সম্ভ্রম রক্ষা করতে না পারার অপমানে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলেই এ চিরকুট থেকে ধারণা করছে পুলিশ ও তার পরিবার। শনিবার সকালে হনুফাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় পান তার মা। শনিবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের উত্তর লামুয়া গ্রামের তরুণী হনুফা দিনমজুর ফারুক মিয়ার একমাত্র মেয়ে। তাকে ধর্ষণকারী বলে সন্দেহভাজন যুবক ফজলু পাশেরই লামা লামুয়া গ্রামের সুন্দর মিয়ার ছেলে । শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুরতহাল রিপোর্টে আত্মহননকারী তরুণীর শরীরের বিভিন্ন স্থানে কামড় ও নখের আঁচড় রয়েছে বলে উল্লেখ করা হয়। হনুফার নিজ হাতে লেখা চিরকুট দেখে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি স্থানীয় সুন্দর মিয়ার ছেলে ফজলু তাকে ধর্ষণ করে। নিজের ইজ্জত রক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নেয়।" ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গ্রামে গিয়ে তারা ফজলুকে পাননি। সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালায় বলে ধারণা করা হচ্ছে। হনুফার মা রহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামী ফারুক মিয়া ও তিনি শনিবার সকালে কাজে বেরিয়ে যান। ওই সময় হনুফা বাড়িতে একা ঘুমিয়ে ছিল। তিনি নিজে জ্বালানি কাঠ সংগ্রহ করে ঘরে ফিরে দেখেন গ্রামের সুন্দর মিয়ার ছেলে ফজলু তাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। তাকে দেখেই ফজলু পালিয়ে যায়। বৃদ্ধা রহিমা বলেন, ঘরে ঢুকে তিনি হনুফাকে ঘরের চাল থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। এরপর প্রতিবেশী চার মহিলা হনুফার মৃতদেহের গোসল করাতে গেলে তার কাপড়ের নিচে লুকানো ওই চিরকুট ও শরীরের বিভিন্ন স্থানে কামড় ও নখের আঁচড় দেখতে পান। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে বাড়িতে গিয়ে হনুফার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হনুফার বৃদ্ধা মা একমাত্র সন্তানকে হারিয়ে বিলাপ করে বলছিলেন, "আমারে কইয়া মরলে নারে মা।" রহিমা বলেন, বাড়ি থেকে বের হলে ফজলু তার মেয়েকে উত্যক্ত করতো। পাঠশালা পর্যন্ত লেখাপড়া করা হনুফা স্থানীয় ব্র্যাক পোলট্রি ফার্মে চাকরি করতো । লাজুক স্বভাবের মেয়েটি বছর দেড়েক আগে ওই চাকরি ছেড়ে দেয় বলে তার মা জানান। রাত পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হনুফার মা রহিমা খাতুন ধর্ষণ করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে ফজলুকে আসামি করে একটি মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রোববার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০১৬ঘ.