২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল সভাপতিসহ ছয়টি পদে জয়ী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে শনিবার বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল সভাপতিসহ ছয়টি এবং আওয়ামী লীগ ও বামদল সমর্থিত হলুদ দল সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে শনিবার বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল সভাপতিসহ ছয়টি এবং আওয়ামী লীগ ও বামদল সমর্থিত হলুদ দল সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিজয়ী হয়েছে। সভাপতি পদে সাদা দলের প্রার্থী বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল হোসাইন ২৫১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হলুদ দলের প্রার্থী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইরশাদ কামাল খান পেয়েছেন ২৩৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে হলুদ দলের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হুদা ২৫৫ ভোট পেয়ে সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আবদুল করিমকে পরাজিত করেছেন। ড. আবদুল করিম পেয়েছেন ২৩৫ ভোট। শনিবার বাণিজ্য অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫টি কার্যনির্বাহী ও ৬টি সদস্য মিলে মোট ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আফছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ৬১০ জন ভোটারের মধ্যে ৫০৫ জন ভোট দিয়েছেন। এর মধ্যে অগ্রিম ভোট পড়ে ৬১টি। নির্বাচনে সাদা দল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে সাদা দলের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু তাহের চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সদস্য পদে মেরিন সায়েন্স বিভাগের ড. এম মারুফ হোসেন, সমাজতত্ত্ব বিভাগের আবুল কাশেম চৌধুরী, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের ড. মোহাম্মদ আল আমিন। অপরদিকে হলুদ দল থেকে যুগ্ম সম্পাদক পদে সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আজগর চৌধুরী, সদস্য পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক হোসাইন কবীর, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. সেলিনা আক্তার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এসকে/২১২২ঘ.