ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ খান পবনকে শনিবার মুক্তি দেওয়ার পর আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
অস্ত্র মামলায় নিম্ন আদালতে ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পবন হাইকোর্টের জামিনে সকালে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। পরে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে।
কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ ফারুক আহমেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের জামিনে পবনকে সকালে মুক্তি দেওয়া হয়। সন্ধ্যায় তাকে আবার কারাগারে আনা হয়।"
মতিঝিল থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম জানান, জরুরি বিধি ভঙ্গের অভিযোগে সকালে মালিবাগের আবুজর গিফারি কলেজ এলাকা থেকে পবনকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৩০ অক্টোবর পবনকে প্রথমবারের গ্রেপ্তার করে পুলিশ।
অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ঢাকা মহানগর বিশেষ আদালতের বিচারক মো. সফিউল আজম চলতি বছর ৩১ মার্চ পবন ও তার চার সহযোগীকে ১৭ বছরের কারাদন্ড দেয়। পরে তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন।
অস্ত্র মামলা ছাড়াও পবনের বিরুদ্ধে গাড়ি চুরি, ঘোষিত আয়ের বাইরে সম্পদ অর্জন ও তিনটি চাঁদাবাজি মামলা বিচারাধীন। চলতি মাসেই এসব মামলায় হাইকোর্টের জামিন পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/জেকে/২১১০ ঘ.
bdnews24