ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কয়েকটি মামলার আসামি তারেক রহমানের জামিন পাওয়া সম্পর্কে আওয়ামী লীগের সমালোচনাকে ' বিচার বিভাগের প্রতি কটাক্ষ' বলে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার বিকালে দলের যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিমত দেন।
শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সভার পর সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করেন দুর্নীতির 'বিশ্বচ্যাম্পিয়ন'কে ছেড়ে দিলে আর কাউকে আটক রাখার নৈতিক অধিকার বর্তমান সরকারের থাকে না। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্যবস্তু নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন,'' সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে।''
আগের দিন শুক্রবারও দলীয় এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেকের মুক্তি প্রক্রিয়ার সমালোচনা করেন সৈয়দ আশরাফ।
শনিবার বিকালে খোন্দকার দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটে অনুষ্ঠিত বিএনপির যৌথ সভায় মূলত ১ সেপ্টেম্বর দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর দেলোয়ার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বলেন,''তার ওই বক্তব্য কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারেক দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বলে তিনি যে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে সেই সত্যতা পাওয়া যায়নি।"
আশরাফকে উদ্দেশ্য করে দেলোয়ার বলেন, "বানোয়াট কিছু না বলে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে বাদী হয়ে আপনি মামলা করুন। তথ্য ও উপাত্ত ছাড়া অভিযোগ করবেন না। ''
তারেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো 'রাজনৈতিক প্রতিহিংসামূলক' বলে মন্তব্য করেন বিএনপি নেতা।
দেলোয়ার এসময় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচির কথা জানান। এ কর্মসূচির মধ্য আছে রোববার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ এবং ৪ সেপ্টেম্বর আলোচনা সভা।
তিনি সরকারের প্রতি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার ও জামায়াতে ইসলামী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বৃহস্পতিবারের সাক্ষাৎ কারাবিধি অনুযায়ীই হয়েছে বলে দাবি করেন দেলোয়ার। তিনি বলেন, "একজন সাবেক প্রধানমন্ত্রীর ইচ্ছায় কারা কর্তৃপক্ষ আমাদের এ সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন। সেখানে কোনো রাজনৈতিক বৈঠক হয়নি।''
কারাবন্দি দলীয় প্রধানের সঙ্গে কয়েকঘন্টাব্যাপী ওই বৈঠক কারাবিধি অনুযায়ী হয়েছে কিনা তা নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে।
আওয়ামী লীগের সমালোচনার জবাবে বিএনপি মহাসচিব বলেন," তাদের নেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য সরকারের রাতে আদালত বসানো, মুক্তির পর চার উপদেষ্টার সুধা সদনে গিয়ে বৈঠক ও প্রধান উপদেষ্টার টেলিফোন সংলাপ ইত্যাদি সম্পর্কে আমরা কোনো কিছুই বলিনি। বরং শেখ হাসিনা, আবদুল জলিল ও মোহাম্মদ নাসিমের মুক্তিকে স্বাগত জানিয়েছি। আজ খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তিতে তাদের কেন এত গাত্রদাহ হচ্ছে?''
তিনি দাবি করেন, 'শেখ হাসিনার মতো' খালেদা জিয়া কোনো দরখাস্ত করে নয়, আইনি প্রক্রিয়ায় মুক্তি পাচ্ছেন।
অন্য এক প্রশ্নের জবাবে তার ছোট ছেলে অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত খোন্দকার আখতার হামিদ খান পবন জামিনে মুক্ত হওয়ার পর আবারও গ্রেপ্তার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেলোয়ার বলেন,'' দেশে আইন ও সংবিধান আজ পদে পদে লঙ্ঘিত হচ্ছে। আইনের কোনো শাসন নেই। আমরা সকলে আজ অসহায়।''
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, অধ্যাপক আবদুল মান্নান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৮ঘ.
bdnews24