নরসিংদী, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদী উপজেলায় শনিবার ভোররাতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
নিহতের নাম ইকবাল হোসেন হিরন (৩০)। বাড়ি মনোহরদীর দাইয়েরপাড় গ্রামে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, "দুর্ধর্ষ ডাকাত হিরনকে শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ।"
তিনি বলেন, "রাত ৩টার দিকে হিরনকে নিয়ে লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে পৌঁছলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশ লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় হিরন।"
সন্ত্রাসীদের গুলিতে চার পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ দাবি করেছে। এরা হলেন- উপ-পরিদর্শক হাবিবুর রহমান ও গোলাম সারোয়ার এবং কনস্টেবল আব্দুল মান্নান ও কৃষ্ণ বর্মন।
তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে সৈয়দ আব্দুল্লাহ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলির খোসা, ১টি রামদা, ১টি ছোরা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৪ ঘ.
bdnews24