২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

দুই দিনের বৃষ্টিতে বন্দরনগরীর অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার লোকজন একপ্রকার পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত টানা বর্ষণে নিম্নাঞ্চলের এলাকাগুলো হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী না হলেও নগরবাসীকে নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

চট্টগ্রাম, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই দিনের বৃষ্টিতে বন্দরনগরীর অধিকাংশ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার লোকজন একপ্রকার পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার মধ্যরাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত টানা বর্ষণে নিম্নাঞ্চলের এলাকাগুলো হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী না হলেও নগরবাসীকে নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়েছে। নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, কাপাসগোলা, আগ্রাবাদ, হালিশহর সিডিএ, আলকরণ, পাথরঘাটা, ষোলশহর ২ নম্বর গেইট, কাতালগঞ্জ, ঝাউতলা, মাস্টারপুল ও বৌ বাজার প্রভৃতি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি বাড়ার সঙ্গে এসব এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি নগরীর অধিকাংশ সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। কার্পেটিং নষ্ট হয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বাকলিয়া ডিসি রোড এলাকার বাসিন্দা শিমুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃষ্টি কমে এলে পানি নেমে যায় এবং বৃষ্টি বাড়লে আবার পানি জমতে শুরু করে। এ দুদিন পানির সঙ্গে যুদ্ধ করেই কাটছে আমাদের।" নিচু এলাকা ছাড়াও নগরীর অনেক এলাকায় রাস্তাঘাট ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পানি সড়ক উপচে বাড়িঘর ও দোকানপাটে ঢুকে পড়ে। তবে পানি দ্রুত নেমে যাওয়ায় ভোগান্তি দীর্ঘস্থায়ী হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সৃষ্ট এ বৃষ্টিপাত আরও দু/একদিন অব্যাহত থাকতে পারে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মেঘনাথ তঞ্চগ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৮ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১২০ ঘ.