রবিউল হাসান ডলার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার তীব্র ভাঙনে গত কয়েক সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের চারটি ওয়ার্ডের তিন গ্রামের বাড়ি-ঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে । হুমকির মুখে রয়েছে আরও কয়েকটি গ্রাম।
এসব এলাকার হাজার হাজার মানুষের দিন কাটছে আতঙ্কের মধ্যে। তাদের আশঙ্কা, কিছুদিন পর পানি কমার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভাঙবে নদী। এভাবে ভাঙন চলতে থাকলে চারটি ওয়ার্ডের কোনও অস্তিত্ব থাকবে না।
আলাতুলী ইউনিয়নের মোট নয়টি ওয়ার্ড। এর মধ্যে চারটি পড়েছে পদ্মার বাম পাড়ে এবং পাঁচটি পড়েছে ডান পাড়ে (ভারত সীমান্তের দিকে)। ডান পাড়ের পাঁচটি ওয়ার্ডে ভাঙন নেই। বাম পাড়ের চারটি ওয়ার্ডে চলছে ভাঙন।
যেসব গ্রাম মারাত্মক ভাঙনের মুখে পড়েছে সেগুলো হলো- পদ্মার বাম পাড়ের ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের অধীন রানীনগর, বালুগ্রাম, বাইড়াপাড়া, আমিরপাড়া, ধাকড়াপাড়া, কামারপাড়া, বোডপাড়া, ছয়রশিয়া, টিকরামপুর ও চাকলা গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে প্রায় হারিয়ে গেছে ৩ নম্বর ওয়ার্ডের ছাগলিয়া পাড়া, হাজীপাড়া ও কোঁকড়াপাড়া এ তিনটি গ্রাম।
নদীর মধ্যভাগ দেখিয়ে রানীনগর গ্রামের বৃদ্ধ বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই নদীর মাঝখানে ছিল আমার বাড়ি। ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, আম বাগান। মাত্র পাঁচ দিন আগে চোখের সামনে পদ্মায় নেমে গেল বালুটুঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।"
একই গ্রামের আব্দুল খালেক ও তার ভাই দুরুল এক সপ্তাহ আগে বাড়ি সরিয়ে নিয়েছেন ভাঙনের তীব্রতা দেখে।
খালেক বলেন, "ফাঁকা একটা উঁচু জায়গায় ঠাঁই নিয়েছি। বাপ-দাদার ভিটা ছেড়ে ছেলেমেয়ে নিয়ে এখন অমানবিক জীবন যাপন করছি।"
ওই গ্রামের বৃদ্ধ লাল মোহাম্মদ জানান, গত দুই বছর ধরেই এলাকা ভাঙছে। আগে তার বাড়ি থেকে পদ্মা নদী ছিল প্রায় ২ থেকে আড়াই কিলোমিটার দূরে। এখন নদী আরও কাছে চলে এসেছে।
গত ৫ থেকে ৭ দিনে শুধু রানীনগর গ্রামেই ৬০/৭০টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে বলে জানান বালুগ্রামের আনিসুর রহমান।
মারাত্মক দুর্ভোগের মধ্যে আছেন ছয়রশিয়া গ্রামের মানুষ। এ এলাকার শতাধিক পরিবার দুই সপ্তাহ থেকে বাস করছে হাঁটু পানিতে। খাবার পানির তীব্র সঙ্কট। সব নলকূপ এখন পানির নিচে। সরকারি বেসরকারি কোনও সাহায্য এখনও আসেনি।
গ্রামের আশরাউল হক (৭০) বলেন, "সরকারি কর্মকর্তারা গত ২ বছর ধরে ভাঙনের সময় এ এলাকায় আসছেন ঘুরছেন দেখছেন, তারপর চলে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত ভাঙন রোধে কোনও ব্যবস্থা দেখিনি।"
তিনি জানান, এবার বালুটুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়েছে। গত বছর হারিয়ে গেছে তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রানীনগর গ্রামে ২০০৫ সালে ৮১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি উচ্চ বিদ্যালয়। এটি এখন হুমকির মুখে।
শিক্ষা প্রকৌশল বিভাগে সহকারী প্রকৌশলী মোহা. রফিকুল ইসলাম জানান, "স্কুলটি স্থাপনের সময় নদী ছিল এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে। এখন মাত্র আড়াইশ গজ দূরে পদ্মা।"
বিদ্যালয় রক্ষায় উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার ৩২২টি পরিবারকে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য পরিবার প্রতি ২০ কেজি হিসেবে ৬ টন চাল বিতরণ করা হয়েছে।
ভাঙন প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাওয়া রহলে পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাৎক্ষণিকভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড সদর দপ্তরকে জানানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৩৩৯ ঘ.
bdnews24