ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি- ২) অনুমোদন না দিয়ে এতে আরও কিছু বিষয় সংযোজনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত এনইসি'র সভায় তিন বছর মেয়াদি পিআরএসপি- ২ অনুমোদনের জন্য উত্থাপন করা হয়।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে ওই সভায় নতুন পিআরএসপির বিভিন্ন দিক পর্যালোচনা করে আরো সুনির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছ থেকে মতামত ও পরামর্শ লিখিত আকারে নিয়ে পিআরএসপির খসড়াটি আবারো এনইসিতে উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "প্রস্তাবিত দ্বিতীয় পিআরএসপিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কিছু নতুন বিষয় সংযোজন করতে বলা হয়েছে। বর্তমানে দেশে গ্যাসের মজুদ পরিস্থিতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২২১২ ঘ.
bdnews24