ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, মাদকের সামাজিক প্রভাব জননিরাপত্তাকে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। এখনই ঠেকানো না গেলে ভবিষ্যতে তা আরো ভয়াবহ রূপ নেবে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে 'মাদক আইনের প্রয়োগ' শীর্ষক দুই দিনের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় কেবল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যয়ই বাড়াছে না, আমাদের অর্থনীতির ওপরও এটি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। চোরাকারবারীদের মাধ্যমে প্রতি বছর বড় অঙ্কের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে।"
তিনি বলেন, "মাদক চোরাচালানের মাধ্যমে আয়ের একটি বড় অংশ সন্ত্রাসী কার্যকলাপে ব্যয় হয়। এ কারণে এটি রাজনীতির জন্যও হুমকিস্বরূপ।"
মাদক ব্যবহার রোধে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জানিয়ে এম এ মতিন বলেন, "মাদক ব্যবহারের ক্ষেত্রে সরবরাহ ও চাহিদার সমীকরণটি মূল প্রভাবক হিসেবে কাজ করে। সরবরাহ কমে গেলে চাহিদাও কমে আসবে। আবার মাদক সহজলভ্য হলে চাহিদাও বেড়ে যায়। এ কারণে আমরা মাদক সরবরাহ বন্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছি।"
বাংলাদেশ পুলিশ ও 'পুলিশ সংস্কার কর্মসূচি'র (পিআরপি) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বাংলাদেশ রাইফেলসসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার দেড়শ' প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এ কর্মশালায় মাদক পরিস্থিতির বর্তমান চিত্র; পাচারের রুট, মাধ্যম বা যানবাহন; মাদক মামলা অনুসন্ধানের ক্ষেত্রে তদন্ত পদ্ধতি; মাদক পাচারের সঙ্গে জড়িত দল বা চক্রের কর্মকাণ্ড এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা হবে।
অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর মহাপরিচালক হুমায়ুন কবীর, থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সহকারী পরিচালক ওয়ানচাই দিসাতেস, 'পুলিশ সংস্কার কর্মসূচি'র প্রকল্প পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা এবং ইন্টারপোলের বিশেষ প্রতিনিধি ইয়াং ইউকে লি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ব্রিট্রিশ সাহায্য সংস্থা ডিএফআইডির যৌথ অর্থায়নে বাংলাদেশ সরকার ২০০৫ সালে পুলিশ সংস্কার কর্মসূচি (পিআরপি) গ্রহণ করে। ইউরোপীয় কমিশনও এ প্রকল্পের অন্যতম অংশীদার। পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধিই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/১৮৪১ ঘ.
bdnews24