২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত

কালিহাতী উপজেলার সল্লায় টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

টাঙ্গাইল, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালিহাতী উপজেলার সল্লায় টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার চরমিচাইপার গ্রামের ছিদ্দিকের ছেলে কাজল ইসলাম (২৫), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের জসীম উদ্দিনের ছেলে হুমায়ুন কবীর (৩১)। অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যমুনা সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল কবীর জানান, ভোর ৪টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-০৮৩৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-০২-০৯২৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী মারা যান। আহত হন আরও ১০ জন। দুর্ঘটনার পরে বাস ও ট্রাকের চালক দুজনই পালিয়েছে। এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৩৮ ঘ.