কক্সবাজার, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ভেসে গেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই ছাত্র ও এক ব্যবসায়ী।
বৃহস্পতিবার সকাল ও বিকেলে গোসল করতে নেমে পৃথকভাবে ছয়জন সাগরে ভেসে যায়। পরে তিনজনকে উদ্ধার করা হলেও এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ তিনজন হলেন- রাজধানীর আগারগাঁও এলাকার মুনশি আবদুল হকের ছেলে ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র আশিকুর রহমান অনিক (১৯), ওই এলাকার সৈয়দ মোনসেব আহমদের ছেলে ও একই ইউনিভার্সিটির ছাত্র সজিব (২০) এবং গুলশান এলাকার মেট্রিক্স কম্পিউটার ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা অংশীদার (ম্যানেজিং পার্টনার) সেলিম।
উদ্ধারকৃত তিনজন হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি'র ছাত্র ও গাজিপুরের আনসার-ভিডিপি কর্মকর্তা হাসিনুর রহমানের ছেলে হাসান তারিক (১৯) এবং মেট্রিক্স কম্পিউটার ওয়ার্ল্ডের অপর দুই অংশীদার আবদুল মালেক ও ইয়াসির আরাফাত।
গত ১২ বছরে কক্সবাজারে সাগরে ডুবে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মারা গেছেন আটজন।
এছাড়াও ৩৭৪ জনকে মুর্মূর্ষু অবস্থায় উদ্ধার করেছে কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বরত বেসরকারি প্রতিষ্ঠান ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা।
ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল জানান, লাবণী পয়েন্টে সকাল সাড়ে ১১টার দিকে সাগরে গোসল করতে নামে ঢাকা থেকে আসা তিন বন্ধু আশিকুর রহমান, সজিব ও হাসান তারিক। কিছুক্ষণের মধ্যে ঢেউয়ের তোড়ে ভেসে যায় তারা।
তিনি জানান, ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা হাসান তারিককে তাৎক্ষণিক মুর্মূর্ষু অবস্থায় উদ্ধার করতে পারলেও অপর দুজন ভেসে যায়।
তার মতে, ওই দু'জনকে বাঁচাতে গেলে হাসান তারিককেও বাঁচানো যেতো না।
মোস্তফা কামাল জানান, বিকেল সাড়ে ৩টায় সী-গাল পয়েন্টে সাগরে গোসল করতে নেমে আরও তিনজন ভেসে যায়। এদের মধ্যে স্থানীয়রা তাৎক্ষণিক মুর্মূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করেছে। তবে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কক্সবাজার পুলিশ সুপার বনজ কুমার মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.
bdnews24