বাগেরহাট, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোড়েলগঞ্জে সন্ত্রাসীদের হামলায় এক পরিবারের পাঁচ জন আহত হয়েছে। আহতদের সবাই নারী। এর মধ্যে এক জন অন্তঃস্বত্তাও রয়েছেন।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পঞ্চকরণ গ্রামে শাহজাহান হাওলাদারের বাড়িতে ওই হামলা হয় বলে আহতদের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন।
তারা অভিযোগ করেছেন, হামলাকারীরা ওই পরিবারের এক নারীকে ধর্ষণও করেছে।
আহতরা হলেন- শাহজাহান হাওলাদারের স্ত্রী আকলিমা বেগম (২৫), হাওলদার আলী আকবরের স্ত্রী শাহিদা বেগম (৪০), সানোয়ার হাওলাদারের অন্তঃস্বত্তা স্ত্রী মাহমুদা বেগম (৩০), মাহাতাব শেখের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং মুনসুর আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৪২)। এরা সবাই পরস্পরের আত্মীয়।
শাহজাহান হাওলাদার সাংবাদিকদের বলেন, "জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে তার বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ মঙ্গলবার সকালে বাড়িতে হামলা চালায়। ওই সময় বাড়িতে কোনও পুরুষ ছিল না।"
খবর পেয়ে মোড়েলগঞ্জ উপজেলার পাঁচগাও পুলিশ ফাঁড়ির সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান সিরাজ বলেন, "হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।"
তবে ধর্ষণের অভিযোগের বিষয়ে কিছু জানা নেই বলে ওসি বলেন।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সন্ধ্যায় মোড়েলগঞ্জের পাঁচ মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার পিঠ, হাত ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।"
আহতদের মধ্যে আকলিমা বেগমের পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানান।
আব্দুস সালাম বলেন, "এক জনকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ এসেছে। তবে আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় বুধবার বিকাল পর্যন্ত তার মেডিকেল পরীক্ষা করা সম্ভব হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪২ ঘ.
bdnews24