২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে কোটি টাকা হাতিয়ে নেওয়া ফ্রিডম'র দুই কর্মকর্তার আত্মসমর্পণ

মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত নাটোরের কথিত এনজিও ফ্রিডম উন্নয়ন সংস্থার সভাপতি আলী হোসেন ও নির্বাহী পরিচালক ইসাহাক আলী বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

নাটোর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত নাটোরের কথিত এনজিও ফ্রিডম উন্নয়ন সংস্থার সভাপতি আলী হোসেন ও নির্বাহী পরিচালক ইসাহাক আলী বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। নলডাঙ্গা থানায় দায়ের করা দুটি মামলায় দুপুর ১২টার দিকে তারা দুই জন বিচার বিভাগীয় হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন ওই আবেদন নাকচ করে দুই জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের নাটোর কারাগারে নিয়ে যাওয়া হয়। আলী হোসেন ও ইসাহাক আলীর আত্মসমর্পণের খবর পেয়ে প্রতারিত কয়েকশ গ্রাহক আদালত এলাকায় ছুটে আসে। তারা তাদের টাকা পরিশোধের দাবি জানায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী জানান, ইসাহাক আলী ও আলী হোসেনের বিরুদ্ধে শুধু নলডাঙ্গা থানায়ই দুই শতাধিক মামলা রয়েছে। এ সব মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হবে। উচ্চ হারে মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে ইসাহাক আলী ২০০৭ সালে নাটোর ও আশপাশের জেলার কয়েক হাজার মানুষের কাছ থেকে ফ্রিডম উন্নয়ন সংস্থার নামে কয়েক কোটি টাকা নেন। গত ২৯ ফেব্র"য়ারি ইসাহাক আলী নাটোর ছেড়ে পালিয়ে গেলে এলাকার মানুষ বিক্ষোভ করে। তদন্ত শেষে সরকার ফ্রিডমসহ এ ধরনের সব সংস্থার নিবন্ধন বাতিল করে। পুলিশের পক্ষ থেকে ইসাহাক ও আলী হোসেনসহ অন্যান্য অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়। আত্মসমর্পণের আগে বুধবার ইসাহাক আলী হাকিম আদালতে নিজে বাদি হয়ে মকবুল ও মোজাহার আলীসহ স্থানীয় ৩৬ জনের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা লুটপাটের অভিযোগ এনে তিনটি মামলা করেন। আদালত নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাগুলি নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতে ইসাহাক আলী সাংবাদিকদের বলেন, "আমি ১২ হাজার ৯০০ সদস্যের কাছ থেকে ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা নিয়েছি। তবে আমার সংস্থার নামে ভুয়া ফরম বানিয়ে অনেকেই অসংখ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।" তিনি বলেন, "আমার নেওয়া টাকা দিয়ে টেক্সটাইল কারখানা এবং গরু ও মাছের খামার তৈরি করেছিলাম। সেগুলি সবই মকবুল ও মোজাহারের লোকজন লুট করে নিয়ে গেছে। এখনও যা কিছু আছে তা বিক্রি করে মানুষের ঋণ পরিশোধ করতে চাই।" গা ঢাকা দেওয়ার বিষয়ে ইসাহাক আলী বলেন, "সংস্থার কাজ চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় মোজাহার ও মকবুলদের আমি প্রতিমাসে দুই লাখ টাকা চাঁদা দিতাম। এরাই গত ২৯ ফেব্র"য়ারি আমাকে নাটোরের হরিশপুরে অপহরণ করে নিয়ে যায়। সেখান থেকে পারিয়ে জীবন বাঁচতেই আমি এতদিন ঢাকায় গা-ঢাকা দিয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০৪ ঘ.