২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা ইপিজেডে সুপারি কারখানায় আগুন

মংলায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) সোমবার রাতে মেসার্স গোল্ডেন এগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে একটি সুপারি কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কারখানার নির্বাহী ব্যবস্থাপকসহ অন্তত ছয়জন মত আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বাগেরহাট, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) সোমবার রাতে মেসার্স গোল্ডেন এগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে একটি সুপারি কারখানায় আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কারখানার নির্বাহী ব্যবস্থাপকসহ অন্তত ছয়জন মত আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনা তদন্তে মংলা ইপিজেড কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। আহতদের মধ্যে রয়েছেন- কারখানার নির্বাহী ব্যবস্থাপক শেখ মোহম্মদ আব্দুল্লাহ পান্থ, তার সহকারী জহিরুল ইসলাম, উৎপাদন কর্মকর্তা খোদা নেওয়াজ, ফ্লোর ইনচার্জ বাবলু। আরও কয়েকেজনের নাম জানা যায়নি। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাত সাড়ে সাতটার দিকে কারখানার হট চেম্বারে বৈদ্যুতিক ত্র"টির কারণে এ ঘটনা ঘটেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানিয়েছেন কারখনার নির্বাহী ব্যবস্থাপক শেখ মোহম্মদ আব্দুল্লাহ পান্থ। আব্দুল্লাহ পান্থ জানান, তারা একটি শিপমেন্টের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সোমবার দুপুরের পর সুপারি থেকে জলীয় বাষ্প অপসারণের জন্য হট চেম্বারে কাজ শুরু হয়। এ সময় এক দফা শর্ট সার্কিট হলে ত্র"টি সারিয়ে আবার কাজ শুরু হয়। রাত সাড়ে সাতটা নাগাদ হঠাৎ আবারও ড্রাই চেম্বারে শর্ট সার্কিট থেকে প্রক্রিয়াকাজে ব্যবহৃত তুষে আগুন ধরে যায়। মংলা বন্দরের নিজস্ব দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মংলা ইপিজেডের মহাব্যবস্থাপক শাহ আলম সরকার জানান, আগুন লাগার ঘটনা তদন্তে মংলা ইপিজেডের সহকারী ব্যবস্থাপক (হিসাব) জিয়াউল হাসানকে প্রধান করে মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাহ আলম সরকার অভিযোগ করেন, "বাগেরহাট ও খুলনায় দমকলকে খবর দেওয়া হলেও তারা আসেনি। পরে মংলা বন্দরের নিজস্ব দমকল ইউনিট দিয়ে আগুন নেভানো হয়।" এ ব্যাপারে জানতে চাইলে বাগেরহাট দমকল স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রমেশ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুলনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তাদের কাছে আগুনের খবর দেওয়া হয়। সেই সঙ্গে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মংলা ইপিজেডের একটি ফোন নম্বরও দেওয়া হয়। কিন্তু ওই নম্বরে যোগাযোগ করে কোনো সাড়া না পাওয়ায় আমরা গাড়ি পাঠাইনি।" রমেশ চন্দ্র বলেন, "বিভিন্ন সময় আগুনের মিথ্যা সংবাদে ভোগান্তি ও অহেতুক জ্বালানি খরচে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাই আগুনের সংবাদ শোনার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা আছে।" মেসার্স গোল্ডেন এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুম্পা চক্রবর্ত্তী বলেন, "আগুনে প্রতিষ্ঠানটির প্রক্রিয়াজাত একশত টন সুপারি ও বিভিন্ন যন্ত্রপাতিসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।" তবে মংলা ইপিজেডের মহাব্যবস্থাপক শাহ আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার মতো হবে।" এই ঘটনায় আব্দুল্লাহ পান্থ মংলা থানায় মঙ্গলবার দুপুরে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.