চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর মতিঝর্ণায় পাহাড় ধসে প্রাণহানির জন্য পাহাড়ের ইজারা নেওয়া চট্টগ্রাম ওয়াসার উদাসীনতাসহ আরও কয়েকটি কারণকে দায়ী করেছে সিটি করপোরশন।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বলেছে, ওয়াসার উদাসীনতা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় পাহাড় দখলকারী ভূমিদস্যুদের বেপরোয়া অপতৎপরতা এবং ঝুঁকিপূর্ণ জেনেও সেখানে নিম্ন আয়ের লোকদের বাস করা ওই দুর্ঘটনার জন্য দায়ী।
মঙ্গলবার সিটি করপোরেশনের তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়। পাহাড় ধসে দুর্ঘটনা এড়াতে প্রতিবদনে ১৬ দফা সুপারিশ করা হয়েছে।
গত ১৮ আগস্ট নগরীর মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে ১১জনের প্রাণহানির ঘটনায় সিটি করপোরেশন সংস্থার রাজস্ব কর্মকর্তাকে মহিউদ্দিন আহমেদ খানকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির প্রধান মহিউদ্দিন আহমেদ খান সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের কাছে তিন পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন মঙ্গলবার দুপুরে।
প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে পাহাড় ধস রোধে কার্যকর পরিকল্পনা নেই বলেই বারবার প্রাণহানি ঘটছে। পাহাড় কেটে বাড়ি তৈরি, অপরিকল্পিত বসতি স্থাপন এবং রক্ষণাবেক্ষণ না করায় প্রতিবছরই পাহাড়ে ধস নামছে। ব্যয়বহুল হওয়ায় কোন প্রতিষ্ঠানই পাহাড়ে উচ্ছেদ বা রক্ষণাবেক্ষণ ও তদারকি করছেন না।
ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদনের আলোকে সিটি করপোরেশন পাহাড় ধস এবং মৃত্যুর ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।"
ভূমিদস্যুদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, "অন্যায় কাজের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।"
মনজুর আলম বলেন, নগরীর পাহাড়গুলোর ইজারা নেওয়া সরকারি প্রতিষ্ঠানগুলোকে অবৈধ দখলারদের উচ্ছেদ এবং পাহাড়ের পাদদেশকে নিরাপদ রাখতে সিটি করপোরেশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হবে।
এছাড়া স্থানীয়ভাবে অবৈধদখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
মনজুর আলম জানান, প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের ঘরবাড়িতে বিদ্যুৎ, গ্যাস, পানিসহ সেবা ও অবকাঠামো সুযোগ-সুবিধা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ১৬ দফা সুপারিশের মধ্যে আরও কয়েকটি হল- পাহাড় কাটার সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা, তাদের সহযোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যে কাজে এসব পাহাড় লিজ নেওয়া হয়েছে সে কাজ করা হচ্ছে কিনা তা নিশ্চিত ও রক্ষণাবেক্ষণ করা, ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকাসমূহ চিহ্নিত করে সীমানা প্রাচীর ও কাঁটাতারের বেড়া দিয়ে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করে দেওয়া।
গত ১৮ আগস্ট ভোরে নগরীর মতিঝর্ণা এলাকায় চট্টগ্রাম ওয়াসার ইজারা নেওয়া টাঙ্কির পাহাড়ের একাংশ ধসে আটটি বসত ঘর মাটি চাপা পড়ে এবং ১১ জনের মৃত্যু হয়। গত বছর ১১ জুন পাহাড় ধসে নিহত হয়েছিল শতাধিক মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/এমএইচবি/২০৫৮ ঘ.
bdnews24