ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রতিশ্রতি অনুযায়ী মঙ্গলবার ২০০ মেট্রিক টন চাল, ২০ মেট্রিক টন গম ও ৫০০ মেট্রিক টন বিভিন্ন ধরনের বীজ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে চীন।
খাদ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জেং কিনডিয়ান এসব সাহায্য সামগ্রী হস্তান্তর করেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব হাসান ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শফিকুল ইসলাম তা গ্রহণ করেন।
পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাহায্য সামগ্রী গ্রহণের একটি স্বীকৃতিপত্র দেওয়া হয় চীনা কর্তৃপক্ষকে।
অতিরিক্ত সচিব আফতাব হাসান সাংবাদিকদের জানান, চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উন্নতমানের ধান, সবজি, সয়াবিন ও মূলাসহ ১০ ধরনের বীজ সাহায্য হিসেবে দেওয়া হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণ করা হবে বলে তিনি জানান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এসকে/১৯৩৭ঘ.
bdnews24