ঝিনাইদহ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
নিহতের নাম সাহাবুল (২৫)। তিনি মহেশপুর উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর গ্রামের নওশের আলী ছেলে।
ভোর ৪টার দিকে সীমান্তের শ্যামপুর এলাকায় সাহাবুল নিহত হন বলে ৩৫ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ জানিয়েছেন।
বিডিআরের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাহাবুল ৬১ নম্বর মেইন পিলার থেকে ভারতের দেড়শ গজ ভেতরে ঢুকে পড়লে ফতেহপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।"
সাহাবুল কী কারণে ভারত সীমান্তে ঢুকে পড়েছিল, তা জানা যায়নি।
ঢাকায় গত রোববার বিডিআর-বিএসএফ সম্মেলন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মাথায় বিএসএফের গুলিতে সাহাবুল নিহত হলো।
সাহাবুলের লাশ বিএসএফ ওপারে নিয়ে গেছে। বিডিআরের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত চাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৩ ঘ.
bdnews24