২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির জন্য মঞ্জুর আরও ১৩ বছর জেল

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান এ রায় দেন। আসামি পলাতক রয়েছেন। তার আটক বা আত্মসমর্পনের দিন থেকে এ সাজা কার্যকর হবে। এর আগে অবৈধভাবে মাদকদ্রব্য রাখা এবং ঘুষ নেওয়ার অপরাধে পৃথক দুইটি মামলায় মঞ্জুকে যথাক্রমে পাঁচ এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঞ্জু ও তার স্ত্রী তাসমিমা হোসেনের বিরুদ্ধে গত বছরের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক)'র সহকারী পরিচালক শেখ ফায়েজ আলম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। রায়ে মঞ্জুকে অবৈধভাবে সম্পত্তি অর্জনের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং তথ্য গোপন করায় আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। একটি সাজা শেষ হলে অপরটি কার্যকর হবে। তাই তাকে ১৩ বছরের সাজাভোগ করতে হবে। এছাড়া মঞ্জুর অবৈধভাবে অর্জিত ২ কোটি ১০ লাখ ৬২ হাজার ৩০০ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঞ্জুর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১২২৩ ঘ.