খুলনা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠক মঙ্গলবার। ইতোমধ্যে বৈঠকের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
উপদেষ্টা পরিষদের এ বৈঠক ঘিরে খুলনার বিভিন্ন মহল আশা করছে- এ অঞ্চলের উন্নয়নে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ, বন্ধ কারখানা চালু, মংলা বন্দর উন্নয়ন ও ক্ষুদ্র শিল্প নগরী স্থাপনে সরকার পদক্ষেপ নেবে।
খুলনা জেলা প্রশাসক এস এম ফিরোজ আলম জানান, মঙ্গলবার সকাল ১১টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে। দুপুর তিনটায় হবে বৈঠকের ওপর প্রেস ব্রিফিং।
বিকেল ৪টায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম চেম্বার ভবনে সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয় উদ্বোধন করবেন।
তিনি জানান, ইতোমধ্যে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল খুলনায় পৌঁছেছেন।
বৈঠক উপলক্ষে শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জেলা প্রশাসক জানান।
উপদেষ্টা পরিষদের বৈঠক সামনে রেখে খুলনার নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্বল অর্থনীতিকে সবল করতে হলে অবিলম্বে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ এবং মংলা বন্দরের উন্নয়ন করতে হবে।"
মহানগর বিএনপির সদস্য সচিব ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সাহারুজ্জামান মোর্তজা বলেন, "বিগত কোনো সরকারই অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যথাযথ উন্নয়ন করেনি। আমরা আশা করি বর্তমান সরকার এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্যাস সরবরাহ, বন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) উন্নয়ন, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কল কারখানা চালু করবে।"
জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মধু বলেন, "বর্তমান সরকার অতীতের সব বৈষম্যের অবসান ঘটিয়ে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে বলে আমরা আশা করি।"
মহানগর জামায়াত আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, "সংবিধান স্বীকৃত সুষম কাজের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রাখবে। এ অঞ্চলের উন্নয়ন হলে শুধু এ অঞ্চলই নয় সমগ্র বাংলাদেশের অর্থনীতি সবল হবে। আর এটায় অঞ্চলের মানুষের প্রত্যাশা"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৫ ঘ.
bdnews24