২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে বিক্ষোভ ভাঙচুর অবরোধ

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলের বাথরুমে পড়ে গিয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মাথায় আঘাত পাওয়ার ঘটনায় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বগুড়ার আযিযুল হক কলেজে ছাত্রদল কর্মীরা বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলের বাথরুমে পড়ে গিয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মাথায় আঘাত পাওয়ার ঘটনায় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বগুড়ার আযিযুল হক কলেজে ছাত্রদল কর্মীরা বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে। আমাদের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের ডেইরি ফার্ম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী। এতে রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় ছাত্ররা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের কূশ পুত্তলিকা দাহ করে। সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। উন্নত চিকিসার জন্য তারেক রহমানকে বিদেশে পাঠাতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।" তারা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেছেন বলেও তিনি জানান। চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে। এছাড়া তারেক জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সোমবার দুপুরের পর তারেক আহত হওয়ার খবর চবি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় তারা শহরমুখী শাটল ট্রেনসহ বিশ্ববিদ্যালয়ের সব যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা বিশ্ববিদ্যালয় ও শহরের মধ্যে চলাচলকারী দুটি মিনিবাস ভাঙচুর করে। শাটল ট্রেনের একজন চালক ও মিনিবাসের দুই চালককে বেশ কিছু সময় তারা আটকেও রাখে। ছাত্রদল চবি শাখার যুগ্ম সম্পাদক নেছারুল ইসলাম নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমানের মাথা আঘাত পাওয়ার ঘটনায় চবিতে মঙ্গলবার থেকে লাগাতার অবোরধ চলবে।" তিনি আরও বলেন, "অবরোধের পাশাপাশি মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করা হবে। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নি:শর্ত মুক্তি চাই।" প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ চলছে। তিনটার পর হঠাৎ বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হন। বগুড়া: তারেক রহমানের আঘাত পাওয়ার খবর শোনার পরপরই আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ, ভাঙচুর করে। এ সময় তারা ক্যাম্পাসের বটতলায় ভাঙ্গা চেয়ার-টেবিল জড়ো করে তাতে আগুন জ্বালিয়ে দেয়। পরে শহরের তিনমাথার মোড়ে এসে সড়কে অবস্থান নেয়। এছাড়া তারা কলেজের মাধ্যমে রেললাইন ব্যারিকেড দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবস্থান তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ছাত্রদল কলেজ শাখার সভাপতি জুবাইদুল ইসলাম রিটন বলেন, "শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘটসহ বিক্ষোভ ও মিছিল হয়েছে।" বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বিকেলে সাড়ে ৫টার দিকে ছাত্ররা তিনমাথা এলাকায় অবস্থান নেয়। এতে বগুড়ার শান্তাহার থেকে গাইবান্ধার বোনারপাড়াগামী ৪৯১ ওয়ান আপ লোকাল ট্রেনটি পুলিশ তিনমাথায় আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্ররা অবস্থান তুলে নিলে ট্রেনটি ছেড়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি। ইসলামী বিশ্ববিদ্যালয়: সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদল কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন শেষে আবার প্রধান ফটকে এসে শেষ হয়। প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ঝন্টু, মিরোজ, রুস্তম, তুহিন, টোকন প্রমুখ। বক্তারা তারেক রহমানের সুচিকিৎসার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/আরএআর/ডিডি/এমএসবি/২০১৯ ঘ.