২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় সোমবার বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2008, 10:55 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বরিশাল, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় সোমবার বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। একাডেমিক কাউন্সিলের সদস্য ও ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যক্ষ ডা. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।" পাশাপাশি দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিদেশি ছাত্ররা হলে থাকবেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে হামলার আশংকায় কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ বন্ধ ঘোষণার পর ছাত্র-ছাত্রীরা হল ত্যাগ করতে শুরু করেছে। রোববার সকালে কলেজের ১ নম্বর হলের ২০৫ ও ২০৬ নম্বর কক্ষের ছাত্ররা চোর সন্দেহে নগরীর রিফিউজি কলোনী এলাকার বাসিন্দা মুরাদকে মারধর করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়। রাতে কলেজের এনাটমি বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, ৩ নম্বর গ্যালারি এবং ১ নম্বর ছাত্রাবাসে হামলা চালায় এলাকাবাসী। কলেজের বাইরে পেয়ে তৃতীয় বর্ষের ছাত্র আকতারসহ (২১) তিনজনকে মারধর করে তারা। আহত ছাত্রদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, ছাত্র-ছাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/১৬৪৮ ঘ.