ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন মামলায় বিএনপির সাবেক সাংসদ আসাদুল হাবীব দুলু, বরকতউল্লাহ বুলু, মসিউর রহমান ও শহীদুল ইসলাম মাস্টারকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ সোমবার তাদের জামিন দেয়।
একই বেঞ্চে বুধবার চাঁদাবাজির এক মামলায় তারেক রহমান, বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম এবং এমকে আনোয়ারের জামিনের আদেশও হয়।
মসিউর রহমানকে সুবোধ কুমার কুন্ডু হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়েছে। তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেছে হাইকোর্ট।
অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলায় বরকতউল্লাহ বুলুকেও পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দেওয়া হয়েছে। তার স্থায়ী জামিনের বিষয়েও আদালত রুল জারি করেছে।
আসাদুল হাবিব দুলুকে চাঁদাবাজির একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।
শহীদুল ইসলাম মাস্টারকে চাঁদাবাজির চারটি এবং ত্রাণের টিন আত্মসাত মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬৩৯ ঘ.
bdnews24