খুলনা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা অঞ্চলের উন্নয়নে গ্যাসসহ বিদ্যমান বিভিন্ন সমস্যার নিরসন চায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
খুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠক সামনে রেখে রোববার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির নেতারা সংবাদ সম্মেলন করে ওই অঞ্চলে শিল্প উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা আনতে এসব সমস্যা নিরসনের দাবি জানান।
মঙ্গলবার খুলনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বার সভাপতি সাহারুজ্জামান মোর্তজা।
তিনি বলেন, খুলনা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে বড় সমস্যা গ্যাস। গ্যাস না থাকায় শিল্প কল কারখানায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গ্যাস থাকা জরুরি।
এছাড়া খুলনা অঞ্চলের উন্নয়নে মংলা বন্দরকে পুরোপুরি সচল করার বিকল্প নেই।
তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের অগ্রগতির স্বার্থে পদ্মা নদীর উপর দ্রুত সেতু নির্মাণ করা দরকার। এতে রাজধানীর সঙ্গে সড়কপথে যোগাযোগ সহজতর হবে।
খুলনায় আরও একটি ক্ষুদ্র শিল্প নগরী, আইটি ভিলেজ স্থাপন এবং বন্ধ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান চালু করার দাবি জানান চেম্বার সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24